টি-টোয়েন্টি ক্রিকেটের মহোৎসব শুরু হতে আর মাত্র কয়েক প্রহর বাকি। টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে ক্রিকেট বিশ্ব। তবে ইতোমধ্যে চোটের কালো মেঘ কেড়ে নিয়েছে বেশ কিছু তারকার এ যাত্রায় বিশ্বমঞ্চে খেলার স্বপ্ন। মাঠের লড়াই শুরুর আগেই ছিটকে যাওয়া এই ক্রিকেটারদের অনুপস্থিতি কেবল তাদের ব্যক্তিগত আক্ষেপ নয়, বরং সংশ্লিষ্ট দলগুলোর গেমপ্ল্যানেও ফেলেছে গভীর প্রভাব।
অস্ট্রেলিয়ার পেস আক্রমণের অন্যতম অস্ত্র প্যাট কামিন্স দীর্ঘদিনের পিঠের চোটের কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারছেন না। পুরোপুরি ফিট না হওয়ায় এবং সামনে কঠিন টেস্ট সূচি থাকায় নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। তাঁর জায়গায় অস্ট্রেলিয়া দলে নেওয়া হয়েছে বেন ডোয়ারসুইসকে। তবে সবচেয়ে বড্ড ধাক্কাটা আছে জশ হ্যাজেলউডের ছিটকে যাওয়ার খবরে। দুই সেরা সেনানীর না থাকাটা বিপাকেই ফেলবে অজিদের।
নিউজিল্যান্ডের জন্যও বড় ধাক্কা হয়ে এসেছে অ্যাডাম মিলনের চোট। গত মাসে এসএ-টোয়েন্টি লিগে খেলার সময় বাম হ্যামস্ট্রিং ছিঁড়ে যায় এই পেসারের। ফলে বিশ্ব আসরে খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় এই কিউই ক্রিকেটারের।

দক্ষিণ আফ্রিকাও ভুগছে চোট সমস্যায়। ডানহাতি ব্যাটার টনি ডি জর্জি গত বছর ভারতের বিপক্ষে সিরিজ চলাকালে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান। পুরোপুরি সুস্থ হতে না পারায় তিনি বিশ্বকাপ দলে জায়গা পাননি। তাঁর পরিবর্তে দলে ডাকা হয়েছে বাঁহাতি ব্যাটার রায়ান রিকেলটনকে।
দক্ষিণ আফ্রিকার আরেক সম্ভাবনাময় তরুণ ডোনাভান ফেরেইরাও ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। এসএ-টোয়েন্টি লিগে জোবার্গ সুপার কিংস ও প্রিটোরিয়া ক্যাপিটালসের ম্যাচ চলাকালে বাম ক্ল্যাভিকল ভেঙে যাওয়ায় তাকে বিশ্বকাপ থেকে বাদ দিতে হয়েছে।
অন্যদিকে স্পিন বিভাগে বরাবরের মতোই শক্তিশালী হলেও পেস আক্রমণ সাজাতে সর্বদাই বেগ পেতে হয় আফগানিস্তানকে। এই অবস্থায় পেস বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য নাভিন-উল-হকের ছিটকে যাওয়া নিশ্চিতভাবেই ভোগাবে দলকে। ডান কাঁধের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে এবারের বিশ্বকাপে খেলতে পারবেন না নাভিন। তাঁর পরিবর্তে স্কোয়াডে নেওয়া হয়েছে ডানহাতি পেসার জিয়াউর রহমানকে।











