ধোনি হওয়া ভীষণ কঠিন

সাফল্য আর খ্যাতির চরম শিখরে দাঁড়িয়েও নির্ভেজাল থাকা বেজায় কঠিন। কিন্তু ধোনি ঠিকই পেরেছেন। নিজের আলাদা একটা জায়গা সৃষ্টি করতে।

মহেন্দ্র সিং ধোনি হওয়া বড্ড কঠিন। সাফল্য আর খ্যাতির চরম শিখরে দাঁড়িয়েও নির্ভেজাল থাকা বেজায় কঠিন। কিন্তু ধোনি ঠিকই পেরেছেন। নিজের আলাদা একটা জায়গা সৃষ্টি করতে। নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে যেতে। আমজনতার হৃদয়ে জায়গা করে নিতে। স্রেফ নিজের ইতিবাচক মানসিকতার জোরে।

বিগত কয়েক বছর ধরেই মহেন্দ্র সিং কেন অবসর নিচ্ছেন না?- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভারতের ক্রিকেট পাড়ায়। আন্তর্জাতিক ক্রিকেটটা ছেড়েছেন তিনি বহুকাল হল। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এখনও তাকে আটকে রেখেছে কিংবা তিনি নিজেকে আটকে রেখেছেন। লেবু বেশি চিপলে তা তেঁতো হয়। কিন্তু ধোনির ক্ষেত্রে ঘটছে না তেমনটি।

সাম্প্রতিক সময়ে ভারতের যে প্রান্তে খেলতে নেমেছেন ধোনি, সে প্রান্তেই সমস্বরে উচ্চারিত হয়েছে ধোনি, ধোনি স্লোগান। তার ক্যারিশম্যাটিক চরিত্রের এক ঝলক দেখতে অধীর আগ্রহে কোটি কোটি চোখ থেকেছে অপেক্ষমান। এই জায়গাটা ধোনি একদিনে তৈরি করেননি। তিলে তিলে গড়ে তুলেছেন নিজের সাম্রাজ্য।

এত জৌলুশ আর জনপ্রিয়তার মাঝেও ধোনি আলাদা। কারণ তার নম্রতা, সহানুভূতি ও সরলতার মত চারিত্রিক বৈশিষ্ট্য। তারই এক সময়ের সতীর্থ শ্রেয়াস গোপাল বলেই বসেছেন, ‘ধোনি হওয়া ভীষণ কঠিন; ভীষণই কঠিন। মানুষ ভাবে, ধোনি হওয়া বুঝি খুব সহজ—অনেক খ্যাতি, মানুষের উল্লাস, চারপাশে শুধুই হাঁকডাক। কিন্তু আসলে ধোনি হওয়া মানে হলো এতকিছুর মাঝেও ভীষণ সরল, বিনয়ী, সহানুভূতিশীল আর যত্নশীল থাকা—যা খুব কঠিন।’

মাঠের ক্রিকেটে ধোনি ছিলেন এক চৌকস সেনাপতি। তার প্রতিটি সিদ্ধান্ত রীতিমত উৎসবের মত করে হয়েছে উদযাপিত। এমনকি তার ফিনিশিং দক্ষতা ভারতের ক্রিকেট ইতিহাসের অনবদ্য এক অধ্যায়। তিনি ভারতকে সত্যিকারের চ্যাম্পিয়ন দলে পরিণত করেছিলেন নিজের নেতৃত্বের সক্ষমতার প্রতিফলনে।

এসব কিছু পেরেছেন তিনি মাটিতে পা রেখেছিলেন বলেই। সতীর্থদের সামর্থ্য আর পরিস্থিতির প্রয়োজনীয়তা বুঝে তিনি নিয়েছেন সব সিদ্ধান্ত। এমনকি মাঠের বাইরের জীবনে তিনি যত্নশীল ছিলেন তার অনুজদের প্রতি, তার সতীর্থদের প্রতি। এছাড়া নির্ঝঞ্ঝাট জীবন-যাপনই তাকে আপামর জনতার এতটা প্রিয় করে তুলেছে।

হাতের কাছে অকৃত্রিম শক্তি থাকার পরও ধোনি সেসবের অপব্যবহার করেননি। সে কারণেই বোধহয় এখনও ধোনি, ধোনি স্লোগানে মুখোরিত হয় ভারতের স্টেডিয়ামগুলো। এখনও তিনি মাঠে প্রবেশ করা মাত্রই গগন বিদারী সব চিৎকারে আকাশ ফেটে পড়ার উপক্রম। ক্ষমতার কেন্দ্রে থেকেও নির্ভেজাল থাকা ধোনি হওয়া আসলেই এভারেস্টের চূড়ায় ওঠার চাইতেও কঠিন।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link