চ্যাম্পিয়ন বোলারদের স্রেফ একটা ওভারই প্রয়োজন, পুরো ম্যাচের গতিপথ বদলে দিতে। জাসপ্রিত বুমরাহ সে কাজটাই করলেন গুজরাট টাইটান্সের বিপক্ষে। যেই মুহূর্তে মনে হচ্ছিল টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই মুহূর্তেই আশার নতুন প্রদীপ হয়ে আগমন ঘটে জাসপ্রিত বুমরাহর।
ব্যক্তিগত তৃতীয় ওভারে তিনি এক লহমায় করেন মুম্বাই ইন্ডিয়ান্সের ভাগ্য বদল। জাসপ্রিত বুমরাহ ইনিংসের চৌদ্দ ওভারে গুজরাটের সকল ভরসার স্তম্ভকে মাটিতে গুড়িয়ে দেন।
প্রতীকি হিসেবে তার বলে মুখ থুবড়ে পড়লেন ওয়াশিংটন সুন্দর। দূর্দান্ত এক ইয়োর্কারে পরাস্ত হন দারুণ খেলতে থাকা সুন্দর। সেই ওভারে জাসপ্রিতের খরচ মাত্র চার রান।

দারুণ জমে ওঠা সাই সুদর্শন ও ওয়াশিংটন সুন্দরের জুটির পতন ঘটে। আর সেই পতনের পর মাথা উঁচু করে আর দাঁড়াতে পারেনি গুজরাট টাইটান্স। পুরো ইনিংস জুড়েই এমন কার্যকর বোলিং করে গেছেন জাসপ্রিত বুমরাহ।
রান বন্যার এই ম্যাচেও চার ওভারে তার খরচ মাত্র ২৭ রান। কিন্তু ক্লাচ মুহূর্তে উইকেট প্রাপ্তি মুম্বাইয়ের ভাগ্য বদল করে দিয়েছে। এ কারণেই তো সারা বিশ্ব জুড়ে জাসপ্রিত বুমরাহর ঠিক এতটা কদর।
দলের জন্যে যখন সবচেয়ে প্রয়োজন, ঠিক সেই মুহূর্তে ত্রাণকর্তা হয়ে হাজির হতে জানেন তিনি। তার এই দক্ষতাই মুম্বাইয়ের আরও এক শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখল।












