বাংলাদেশের টেস্ট দলের দুশ্চিন্তার জায়গা জুড়ে বহুদিন বাসা বেঁধেছিল ‘ওপেনিং পজিশন’। তবে আয়ারল্যান্ড সিরিজ একটা সমাধানপত্র দিয়ে গেল। সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয়ের ব্যাট যেন ওপেনিং সমস্যার একটা নিষ্পত্তি করে ফেলেছে। আইরিশদের বিপক্ষে তিন ইনিংস অন্তত সেই বার্তাই দিচ্ছে।
একটু সিলেট টেস্টে ফিরে যাওয়া যাক। বাংলাদেশ মূলত এক ইনিংসই ব্যাট করার সুযোগ পেয়েছিল। সে ইনিংসে স্কোরবোর্ডে বাংলাদেশ তুলেছিল ৫৮৭ রান। যার শুরুটা এসেছিল ওপেনিং থেকেই। ১৬৮ রানের বিশাল জুটি গড়ে জয় আর সাদমান ওপেনিং ব্যর্থতার উপর এক স্বস্তির প্রলেপ লেপে দিয়েছিলেন। যা ছিল বিগত ১০ বছরে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি।
সেই সাথে ব্যক্তিগত খাতার পাতাও সমৃদ্ধ করেছিলেন এই দুই ব্যাটার। সাদমান ৮০ রান করে শতক হাতছাড়ার আক্ষেপে পুড়লেও জয়ের ব্যাট ছিল দুর্দমনীয়। ১৭১ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে প্রত্যাবর্তনটা করেছিলেন স্মরণীয়।

তবে এক ইনিংস দেখেই যে বিচার করাটা দুঃসাধ্য। নজর ছিল মিরপুর টেস্টে কি হয় তার উপর। প্রথম ইনিংসে জয় আর সাদমানের জুটি টিকল ৫২ রান পর্যন্ত। যা খারাপ বলার কোন উপায় রাখেনি। তবে দ্বিতীয় ইনিংসে এসে তারা একেবারেই প্লাস মার্ক তুলে ফেলল।
আবারও শতক ছাড়ানো জুটি এল এই দুই ব্যাটারের কাছ থেকে। এবারের সংখ্যাটা ১১৯। টানা তিন ইনিংসে ৫০ পেরোনো জুটি, তার মধ্যে দুটোই পেরিয়েছে শতকের গণ্ডি। যা দূর করেছে বড়সড় রকমের অস্বস্তি।
এই সিরিজে তিন ইনিংস মিলে জয়-সাদমান জুটি থেকে এসেছে ৩৩৯ রান, গড় ১১৬। দুজনের বোঝাপড়া, রান তোলা, সবই একটা দুশ্চিন্তার মেঘ সরিয়ে দিয়েছে। তবে কি বাংলাদেশ ওপেনিংয়ের চিরস্থায়ী সমাধানটা এবার পেয়ে গেল!

Share via:











