ওয়ানডেতে ধুমকেতু ক্লাসেন, পারফরমেন্সে রক্তিম সূর্য

ক্লাসেন ওয়ানডে দলে এই আছেন তো এই নেই। কিন্তু পারফরমেন্সের ঘাটতি নেই।

হেনরিখ ক্লাসেন বিচিত্র এক চরিত্র। ওয়ানডে দলে এই আছেন তো এই নেই। কিন্তু পারফরমেন্সের ঘাটতি নেই। খেলতে নামলেই তিনি রান করবেন। আগ্রাসনের জমকালো ছবি ফুটিয়ে তুলবেন। কিন্তু ওয়ানডে দলে তার দেখা নিয়ম করে পাওয়া যাবে না।

এই যেমন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি প্রথম ম্যাচ খেলেননি। দ্বিতীয় ম্যাচ তো বৃষ্টির জলে ভেসে গেল। তৃতীয় ম্যাচে খেলতে নেমেই দানবের দাপট দেখালেন ব্যাট হাতে। মাত্র ৫৬ বলে ৬৪ রান করলেন ইংল্যান্ডের বিপক্ষে। এই ঘটনা কিন্তু নতুন নয়।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ তিনি খেললেননি। দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই ৮৭ রান এসেছে তার ব্যাট থেকে। মাত্র ৫৬ বলে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন তিনি। হুট করে এসেই তার পারফরম করবার এই নীতি আরও খানিকটা পুরাতন।

প্রায় এক বছর বাদে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিলেন তিনি। ২০২৩ সালের ২১ ডিসেম্বর ভারতের বিপক্ষে খেলেছিলেন তিনি শেষবার খেলেছিলেন। এরপর কেটে যায় একবছর, এই সময়ে ওয়ানডে ক্রিকেটের আশেপাশেও খুঁজে পাওয়া যায়নি।

কিন্তু তিনি পাকিস্তানের বিপক্ষে পার্লে যখন ফিরলেন, তখনই আবার ব্যাটহাতে রানের ফোয়ারা ফুটালেন। ৯৭ বলে ৮৬ রানের ইনিংস দিয়ে শুরু। এরপরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ সহ পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। সবক’টি ইনিংসে পঞ্চাশ ছাড়ানো রান করেছেন ডানহাতি এই ব্যাটার।

শেষ পাঁচ ম্যাচে তার গড় ৮২.৮। চমকপ্রদ নিঃসন্দেহে! বলে রাখা ভাল, এই সময়ে একটি ইনিংসেও অপরাজিত থাকেননি ক্লাসেন। এখানেই শেষ নয়। এই সময়ে তার স্ট্রাইকরেট ১২৭। ওয়ানডে ক্রিকেটে এই স্ট্রাইকরেটকে স্রেফ ভাল বলবার উপায় নেই।

দূর্দান্তও সম্ভবত খুব স্বল্পই বর্ণনা করে তার তাণ্ডবকে। এসেই পারফরম করতে পারার এই গুণ তো আর সবার থাকে না। তাইতো হেনরিখ ক্লাসেন বিচিত্র এক চরিত্র।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link