সৈকতের সিদ্ধান্তে কোহলির আক্ষেপের সাগর

বিশ্বকাপ ফাইনালের অপয়া ভেন্যুতে কোহলির জন্য কি অপেক্ষা করছে? - প্রশ্নের উত্তর জানতে আপাতত প্রতীক্ষা করা ছাড়া কোনো গতি নেই।

মঞ্চটা প্রস্তুতই ছিল। প্রস্তুত ছিল বলার, দ্য চেজ মাস্টার ইজ ব্যাক। না, সেটা হল না। টেলিভিশন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সিদ্ধান্তে সাজঘরে ফিরতে হল বিরাট কোহলিকে। ফেরার আগে করে গেলেন, আট বলে পাঁচ রান। বড় স্কোর তাড়া করতে নেমে যেমন দাপট কোহলির দেখানোর কথা ছিল, সেটা আর আদৌ হয়নি।

অবশ্য, কোহলির আউট নিয়ে কোনো বিতর্ক নেই। ইদানিং কালে কোহলির সমস্যাই হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরের বল। আর স্পিনের বিপক্ষে তিনি কখনওই সাবলীল নন। সেটাই কাল হয়ে দাঁড়াল। আদিল রশিদের টসড আপ ডেলিভারি উইকেটরক্ষক ফিল সল্টের হাতে জমা হওয়ার আগে কোহলির ব্যাটে আলত করে চুমু খেয়ে যায়।

অনফিল্ড আম্পায়ার আবেদনে সারা দেননি। রিভিউ নেন বাটলার। রিভিউ থেকে সঠিক সিদ্ধান্তই নেন বাংলাদেশের আম্পায়ার সৈকত। আল্ট্রা এজে বল ব্যাট স্পর্শ করে যাওয়ার আলামত পাওয়া যায়। ব্যস, সাজঘরে ফিরতে হয় কোহলিকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাসে ফেরা হল না কোহলির।

ইংল্যান্ডের ৩০৫ রানের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো সূচনা করে স্বাগতিকরা। ১৩৬ রানের উদ্বোধনী জুটি গড়ে ভারত। ৬০ রান করে শুভমান গিল ফিরে গেলে কোহলি আসেন ক্রিজে। ম্যাচ ফিনিশ করে আসার সুবর্ণ সুযোগ ছিল কোহলির সামনে। ঠিক তখনই আদিল রশিদের পাতা ফাঁদে পা দিলেন কিং কোহলি।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অবশ্য নিজেকে প্রমাণ করার আর একটাই সুযোগ পাবেন কোহলি। ১২ ফেব্রুয়ারি সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। বিশ্বকাপ ফাইনালের অপয়া ভেন্যুতে কোহলির জন্য কি অপেক্ষা করছে? – প্রশ্নের উত্তর জানতে আপাতত প্রতীক্ষা করা ছাড়া কোনো গতি নেই।

Share via
Copy link