টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা উইকেটরক্ষক ব্যাটারদের তালিকা করলে নিঃসন্দেহে উপরের সারিতেই থাকবে ইংলিশ ওপেনার জস বাটলারের নাম। পুরো টি-টোয়েন্টি ক্যারিয়ারের জুড়ে দাপিয়ে বেড়ানো বাটলার এবার একমাত্র উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ফরম্যাটটির বিশ্ব আসরে হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক উইকেটরক্ষক ব্যাটারদের নিয়ে থাকছে খেলা ৭১ এর আজকের আয়োজন।
- জস বাটলার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে ৩৬ ইনিংসে ব্যাট করতে নেমে ৪০.৭৬ গড়ে ১০৬০ রান করেছেন বাটলার। স্ট্রাইকরেইটটাও ১৪৭.৪২! নামের পাশে টি-টোয়েন্টি বিশ্বকাপে শতক হাঁকানোর কীর্তিও রয়েছে ইংল্যান্ডের এই বিশ্বকাপজয়ী অধিনায়কের।
- কুইন্টন ডি কক

তালিকার দুই নম্বরের নামটি দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি ককের। টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্ব আসরে মোটে ২৯ ইনিংসে ব্যাট করতে নেমে ২৬.৩২ গড়ে ৭৩৭ রান করেছেন ডি কক।
- কুমার সাঙ্গাকারা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩০ ইনিংসে ব্যাট করতে নেমে ২৫.৪২ গড়ে ৬৬১ রান করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটার কুমার সাঙ্গাকারা। নামের পাশে রয়েছে চারটি অর্ধশতক হাঁকানোর কীর্তি।
- মোহাম্মদ রিজওয়ান

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না মিললেও তালিকার চার নম্বরে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭ ইনিংসে ব্যাট করতে নেমে ৪০.৪২ গড়ে ৫৬৬ রান করেছেন রিজওয়ান।
- মহেন্দ্র সিং ধোনি

তালিকার পাঁচ নম্বরের নামটি ভারতীয় কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। সবচেয়ে ছোট ফরম্যাটের বড় আসরে ২৯ বার ব্যাট করতে নেমে ৫২৯ রান সংগ্রহ করেছেন ধোনি। ম্যাচ প্রতি নিয়েছেন ৩৫.২৬ রান।










