অদম্য কাপে থেকেও নেই মুস্তাফিজ!

শরীরী ভাষা বলছে এই মঞ্চে নিজেকে উজাড় করে দেওয়ার কিছুই নেই। চোখে নেই শিকারীর তীক্ষ্ণ দৃষ্টি। খেলতে হবে বলেই খেলছেন মুস্তাফিজুর রহমান। শেষ করছেন না নিজের বোলিং কোটাও। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে যেন খেলছে মুস্তাফিজের এক নিস্তেজ ছায়ামূর্তি।

শরীরী ভাষা বলছে এই মঞ্চে নিজেকে উজাড় করে দেওয়ার কিছুই নেই। চোখে নেই শিকারীর তীক্ষ্ণ দৃষ্টি। খেলতে হবে বলেই খেলছেন মুস্তাফিজুর রহমান। শেষ করছেন না নিজের বোলিং কোটাও। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে যেন খেলছে মুস্তাফিজের এক নিস্তেজ ছায়ামূর্তি।

গেল কিছুদিন ধরে অনেক কিছুই চোখের সামনে দেখেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়া, বিশ্বকাপের মঞ্চে খেলতে না পারা, পাকিস্তান সুপার লিগে ডিরেক্ট সাইনিংয়ে দল পাওয়া। এসব নিয়ে অবশ্য হেলদোল নেই মুস্তাফিজের। সেটা নেই মাঠের খেলায়ও।

বিশ্বকাপের দুঃখ ঘোচাতে অদম্য টি-টোয়েন্টি কাপে ধূমকেতু একাদশে খেলছেন মুস্তাফিজ। ইতিমধ্যেই দুই ম্যাচ খেলে ফেলেছেন তিনি। বোলিং করেছেন ৩.৫ ওভার। প্রাপ্তির খাতায় দুই উইকেট, বিনিময়ে রান বিলিয়েছেন ৩৬। এমন পরিসংখ্যান মুস্তাফিজের নামের পাশে একেবারেই যে বেমানান।

তাই তো মনে হতে পারে মুস্তাফিজ নিজের ছন্দে নেই। তবে বাস্তবতা হলো মুস্তাফিজের মনই নেই। দুই ম্যাচে আট ওভার বোলিং করার কথা ফিজের। তবে তিনি অর্ধেকও করেননি। উইকেট পেলেও কোনো রকমের উচ্ছ্বাস নেই চোখে-মুখে। এমনকি ডেথ ওভারে ম্যাচের ভাগ্য নির্ধারণের সময়টাতেও বল হাতে তুলে নিচ্ছেন না তিনি। ফলে দল হারছে ঠিকই, তাতে অবশ্য কিছু যায় আসে না মুস্তাফিজের।

মাঠে তাঁর চলাফেরা দেখলেই মনে হবে অনেকটা জোর করেই যেন খেলানো হচ্ছে তাঁকে। অবশ্য এমনটা তো হওয়ারই ছিল। জৌলুসহীন এই টুর্নামেন্ট যে কেবল খেলোয়াড়দের আক্ষেপ ঘোচানোর ব্যর্থ চেষ্টা। দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? মুস্তাফিজ তাই থেকেও নেই অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link