মহসিন নাকভির ওপর বিরাট চটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সদ্য শেষ হওয়া এশিয়া কাপের ফাইনালের পর দেখা গেল নজিরবিহীন ঘটনা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভিকে ঘিরে তৈরি হয় বড় বিতর্ক।
ফাইনালে পাকিস্তানকে হারায় ভারত। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় খেলোয়াড়রা নাকভির হাত থেকে ট্রফি ও পদক নিতে অস্বীকৃতি জানান। কারণ, নাকভি আগে একাধিকবার ভারতবিরোধী মন্তব্য করেছেন। সবচেয়ে বড় ব্যাপার, চলতি এশিয়া কাপে কোনো পাকিস্তানি ক্রিকেটারের সাথেও হাত মেলায়নি ভারতীয় দল।
এসিসি নিরপেক্ষ একজনের হাত থেকে ট্রফি হস্তান্তরের চেষ্টা করছিল। সর্ব সম্মতিক্রমে সেটা ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি দুবাইয়ে বসেই খেলা দেখেন, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ছিলেন।

তবে, নাকভি সেটা মানেননি। বরং তিনি নিজেই ট্রফি ও পদক নিয়ে মাঠ ছেড়ে চলে যান। ফলে ভারতীয় দল ট্রফি ছাড়াই উদযাপন করতে বাধ্য হয়। তারা পরিবারের সঙ্গে মাঠে কিছু সময় কাটালেও আনন্দ অসম্পূর্ণ থেকে যায়।
এ ঘটনার পর সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানায়, নভেম্বরের আইসিসি সভায় তারা আনুষ্ঠানিকভাবে অভিযোগ করবে। তাদের মতে, নাকভির কাজ শুধু ভারতের প্রতি অপমান নয়, ক্রিকেট প্রোটোকলেরও লঙ্ঘন।
ঘটনার পর নাকভি মাঠেই বক্তব্য দেন। পরে সামাজিক মাধ্যমে বিতর্কিত এক পোস্ট দেন। এসিসি সভাপতি হিসেবে যেটা তাঁর কাছ থেকে প্রত্যাশিত ছিল না। এতে বিতর্ক আরও বাড়ে।











