রাজনীতির পিচে আউট হতে হতেও বেঁচে গেলেন নাসিম

পিসিবির কেন্দ্রীয় চুক্তির শৃঙ্খলাবদ্ধ নিগড় ভেঙে তিনি যে মন্তব্য করেছিলেন, তার খেসারত হতে পারত এক চরম নির্বাসন। তবে শেষ মুহূর্তে ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হলেন পিসিবি প্রধান মোহসিন নাকভি।

বাইশ গজের পিচে ব্যাটারের স্টাম্প উপড়ে ফেলা যার সহজাত প্রবৃত্তি, সেই নাসিম শাহ নিজেই এবার এক রাজনৈতিক বাউন্সারে কুপোকাত হতে বসেছিলেন। পাকিস্তানের ক্রিকেট আকাশে উদীয়মান এই তারকার ক্যারিয়ারে ঘনিয়ে এসেছিল দুই বছরের দীর্ঘ অমাবস্যা। পিসিবির কেন্দ্রীয় চুক্তির শৃঙ্খলাবদ্ধ নিগড় ভেঙে তিনি যে মন্তব্য করেছিলেন, তার খেসারত হতে পারত এক চরম নির্বাসন। তবে শেষ মুহূর্তে ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হলেন পিসিবি প্রধান মোহসিন নাকভি।

ঘটনাটি গত সপ্তাহের। লাহোর কালান্দার্স ও হায়দ্রাবাদ কিংসম্যানের মধ্যকার পিএসএল উদ্বোধনী ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও ভিআইপি বক্সে তাঁর উপস্থিতি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ একটি মন্তব্য করেন নাসিম। নওয়াজ শরিফের কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রীর ভাতিজিকে ইঙ্গিত করে তিনি লিখেছিলেন, ‘তাঁকে কেন লর্ডসের রানীর মতো আপ্যায়ন করা হচ্ছে?’

যদিও পোস্টটি করার কিছুক্ষণের মধ্যেই মুছে ফেলা হয় এবং নাসিমের পক্ষ থেকে দাবি করা হয় তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, কিন্তু ততক্ষণে জল অনেক দূর গড়িয়েছে। পিসিবি বিষয়টিকে স্রেফ ‘হ্যাকিং’ বলে উড়িয়ে দেয়নি, বরং চুক্তিনামা লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ পাঠায়।

সাবেক পাক ব্যাটার বাসিত আলী একটি টেলিভিশন আলোচনায় এই ঘটনার অন্তরালের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। তিনি জানান, পিসিবির শৃঙ্খলা কমিটি নাসিমের আচরণে এতটাই ক্ষুব্ধ ছিল যে তারা দুই বছরের নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছিল।
​বাসিত আলীর ভাষ্যমতে, ‘নাসিম শাহ অত্যন্ত সৌভাগ্যবান যে মহসিন নাকভির মতো একজন চেয়ারম্যানকে তিনি পেয়েছেন। কমিটি তাঁকে নিষিদ্ধ করতে চাইলেও নাকভি তাতে সায় দেননি।’

শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা এড়ালেও বড় অঙ্কের আর্থিক দণ্ড ভোগ করতে হচ্ছে ২৩ বছর বয়সী এই পেসারকে। এই অপরাধে পিসিবি তাকে দুই কোটি পাকিস্তানি রুপি জরিমানা করেছে। ৩০ মার্চ অনুষ্ঠিত এক ব্যক্তিগত শুনানিতে নাসিম নি:শর্ত ক্ষমা প্রার্থনা করলে বোর্ড এই নমনীয় সিদ্ধান্ত নেয়।

নাসিম শাহ হয়তো এ যাত্রায় বাইশ গজে ফিরে আসবেন তাঁর সেই চিরচেনা আগ্রাসন নিয়ে, কিন্তু এই ঘটনাটি তাঁর ক্যারিয়ারে এক অদৃশ্য ক্ষত হয়েই থাকবে। মোহসিন নাকভির হাত ধরে তিনি নতুন জীবন পেলেন ঠিকই, তবে এই শিক্ষাটি রয়ে গেল – কখনো কখনো ক্রিকেট বলের চেয়েও ধারালো হতে পারে কলমের কালি কিংবা কি-বোর্ডের বোতাম।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link