প্রীতির ‘প্রিয়’ প্রিয়ানশ

নিশুতি রাতে মুল্লানপুর যেন অন্যরকম আলোয় ঝলমল করছিল। ভরা গ্যালারির হৃদয় ছুঁয়ে যাওয়া এক মুহূর্তে, আইপিএলের ডামাডোলের মাঝখানে জন্ম নিল এক নতুন নায়ক — প্রিয়ানশ আরিয়া।

নিশুতি রাতে মুল্লানপুর যেন অন্যরকম আলোয় ঝলমল করছিল। ভরা গ্যালারির হৃদয় ছুঁয়ে যাওয়া এক মুহূর্তে, আইপিএলের ডামাডোলের মাঝখানে জন্ম নিল এক নতুন নায়ক — প্রিয়ানশ আরিয়া।

আর তাঁকে ঘিরে যে দৃশ্যটা এখন ভাইরাল হয়ে গেছে, সেটা ছিল মাঠের সীমানার ধারে, যেখানে পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিনতা একেবারে বড় বোনে মতন ভালবাসায় আলিঙ্গন করলেন এই তরুণ ব্যাটারকে।

মাত্র ২৩ কি ২৪ বছর বয়স। কিন্তু তার ব্যাটিংয়ে ছিল পরিণত এক যোদ্ধার তেজ। ৪২ বলে ১০৩ রান — যেন ঝড়ের বেগে তছনছ করে দিল চেন্নাইয়ের দুর্দান্ত বোলিং লাইনআপ। সাতটা চার, নয়টা ছয় — আর সেই ছক্কা দিয়েই যখন শতরান পূর্ণ করল, প্রীতি জিনতা তখন গ্যালারিতে লাফিয়ে উঠলেন, চোখে মুখে গর্বের আলো।

এই প্রিয়ানশের জন্যই তো তিনি লড়েছেন নিলামঘরে। ভিত্তিমূল্য থেকে ১৩ গুণ দাম বাড়িয়েছেন, বাকি তিন শক্তিশালী ফ্র্যাঞ্চাইজির সাথে লড়ে তবেই পেয়েছেন প্রিয়ানশকে।

দিল্লী ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুও ছিল লড়াইয়ে। সবাইকে পেছনে ফেলে তাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব। ৩ কোটি ৮০ লাখ রুপিতে প্রিয়াংশকে নিজেদের করে নিয়েছিল প্রীতি জিনতার দল। দিল্লী প্রিমিয়ার লিগ কিংবা সৈয়দ মুশতাক আলী ট্রফি থেকে উঠে আসা প্রিয়ানশ প্রথমবার আইপিএলের মাঠে নেমেই বুঝিয়ে দিলেন তিনি অন্যরকম, তিনি ঝাঁঝাল।

কেবলই একটা সেঞ্চুরি নয়। শুধুই একটা ম্যাচ জেতার গল্প নয়। এটা এক নতুন নায়কের জন্মের গল্প। এক খোলা আকাশের নিচে নতুন এক ব্যাটিং লড়াকু শাসন করলেন বাইশ গজ। প্রীতি জিনতার চোখ ছলছল, হাসিতে গর্ব আর প্রশান্তি। আর প্রিয়ানশের চোখে মুখে ভবিষ্যতের সম্ভাবনা। অপূর্ব এই রাতে ক্রিকেট শুধু ব্যাট-বলের খেলাই নয়, হৃদয় ভাসানোরও কাণ্ডারি।

Share via
Copy link