বৃষ্টির জল নিউজিল্যান্ড-পাকিস্তানের উপকারই করল

বৃষ্টির জলে ভেসে গেল ম্যাচ। লাভবান দুই দলই। সমীকরণ সৃষ্টি হলে, এই একটি পয়েন্টই খুলে দেবে এই দুই দলের সেমিফাইনালের দুয়ার।

বৃষ্টির জলে ভেসে গেল ম্যাচ। লাভবান দুই দলই। পাকিস্তানের জন্য সবচেয়ে বড় ঝুঁকি ছিল নিউজিল্যান্ড। আবার নিউজিল্যান্ডের জন্যও ছিল পাকিস্তান। যেকোন দল দুই পয়েন্ট পেলে খুশি হতো নিঃসন্দেহে। এমনকি এই জয়ই তাদের সেমিফাইনালের যাওয়ার রাস্তাটা পরিষ্কার করে দিত অনেকটাই। যদিও একটি পয়েন্টও হতে পারে নির্ধারক।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে, আগে থেকেই সুপার এইটের স্পটগুলো নির্ধারণ থাকায়- প্রথম রাউন্ডের সব গ্রুপ চ্যাম্পিয়নরা চলে গিয়েছে এক গ্রুপে। রানার্সআপদের স্থান হয়েছে অন্যগ্রুপে। এমন পরিস্থিতিতে গ্রুপ-২ এ সবচেয়ে শক্তিশালি দল ধরা যেতে পারে নিউজিল্যান্ডকে। তারা প্রথম রাউন্ডের সবগুলো ম্যাচেই ধারাবাহিকভাবে ভাল পারফরম করেছে।

গ্রুপ অব ডেথ থেকে নিউজিল্যান্ড উঠে এসেছে ছয় পয়েন্ট ও ১.২২৭ রানরেট নিয়ে। এক শ্রীলঙ্কা বাদে বাকি দুই দলের রানরেট এর তুলনায় ঢের পিছিয়ে। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচটিতেও বেশ লড়াই করে হেরেছিল নিউজিল্যান্ড। ইংল্যান্ড, শ্রীলঙ্কা অপেক্ষাকৃত কম প্রতিকূলতা ডিঙিয়ে এসেছে সুপার এইটে। পাকিস্তানের ক্ষেত্রেও সে কথা সত্য।

অতএব নিউজিল্যান্ড গ্রুপ-২ এর যেকোন দলের জন্যই সবচেয়ে বড় হুমকি। সেই দলটির বিপক্ষের পাকিস্তানের একটি পয়েন্ট প্রাপ্তি মোটেও অসন্তুষ্টির কারণ নয়। অন্যদিকে গ্রুপ-২ এ উপমহাদেশের উইকেট সম্পর্কে ধারণা থাকা দলগুলোর মধ্যে পাকিস্তানের শক্তিমত্তা চ্যালেঞ্জ জানানোর জন্য যথেষ্ট, বিশেষ করে তাদের স্পিন ডিপার্টমেন্ট।

ওয়ানিন্দু হাসারাঙ্গা ইনজুরির কারণে ছিটকে যাওয়া, শ্রীলঙ্কার স্পিন আক্রমণ একটু হলেও শক্তি হারিয়েছে। সেই তুলনায় নিউজিল্যান্ডের জন্য এই গ্রুপে বড় হুমকি পাকিস্তান। সেই দলটার বিরুদ্ধেও একটি পয়েন্ট হাসিল করা বেশ ফলপ্রসূ। ইংল্যান্ড ও শ্রীলঙ্কা অবশ্যই শক্তিধর, কিন্তু তাদের পা হড়কানোর সম্ভাবনাকে মাথায় রেখেই নিউজিল্যান্ড ও পাকিস্তান অন্তত খুশি হতেই পারে। সমীকরণ সৃষ্টি হলে, এই একটি পয়েন্টই খুলে দেবে এই দুই দলের সেমিফাইনালের দুয়ার।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link