বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর চ্যাম্পিয়ন দলকে নিয়ে বিগত দুইবছর যাবত অনুষ্ঠিত হচ্ছে গ্লোবাল সুপার লিগ। আসন্ন মৌসুমের রণসজ্জাও ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। ব্যাটে-বলের এই বৈশ্বিক লড়াইয়ে কোন কোন দল মাঠ মাতাবে, তা নিয়েই চলছে এখন জল্পনা-কল্পনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে চ্যাম্পিয়ন দল হিসেবে এবার রাজশাহী ওয়ারিয়র্সেরই জিএসএলে অংশ নেওয়ার কথা।
ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে তিন দল। স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সাথে বিগ ব্যাশ থেকে যুক্ত হয়েছে পার্থ স্কচার্স।মরুদেশের উত্তাপ ছড়িয়ে এই লড়াইয়ে যোগ দিচ্ছে আইএল টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার্স।
মোট পাঁচটি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন হওয়ায় আরও দুইটি দলের নাম এখনও চূড়ান্ত করা বাকি। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, দুই দলের সম্ভাব্য তালিকায় আছে দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি চ্যাম্পিয়ন সানরাইজার্স ইষ্টার্ন কেপ। ইতোমধ্যেই তাদেরকে আমন্ত্রণও জানানো হয়েছে।

বিগত দুই বিপিএল আসরে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হলেও, বরিশাল অংশ না নেওয়ার জিএসএলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে রংপুর রাইডার্স। এমনকি ঘরে শিরোপাও নিয়ে এসেছে একবার।
তবে ফাইনাল ম্যাচের পরই এবারের আসরে অংশ নেওয়ার সম্মতি জানিয়েছেন রাজশাহী ওয়ারিয়র্স। তাই সবকিছু ঠিক থাকলে এবারের জিএসএলে বিপিএলের হয়ে শান্ত-নিশামদেরই মাঠ মাতানোর কথা। তবে এখনও অবধি কোন আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি রাজশাহী।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হওয়ার এই লড়াই। আগস্ট মাসের প্রথম দিনে টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।











