রাজশাহী যেন বাংলাদেশ ‘এ’ দলের প্রসারিত প্রতিচ্ছবি

তারুণ্য নির্ভর দলটাকে অভিজ্ঞতার জোগান দিয়ে যাবেন মুশফিকুর রহিম ও শান্ত। তরুণদের বড় মঞ্চের প্রস্তুতির একটা দারুণ আয়োজন।

সদ্য শেষ হওয়া এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ ‘এ’ দল হয়েছিল রানার্সআপ। সেই দলকে ফাইনাল অবধি নিয়ে যেতে অসামান্য অবদান রাখেন রিপন মণ্ডল-মেহেরব হাসানরা। তাঁদেরই বড় অংশ নিয়ে এবার বিপিএলে দল গঠন করেছে রাজশাহীর নতুন ফ্র‍্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়ার্স।

রাজশাহী ওয়ারিয়ার্সের হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন হান্নান সরকার। নিশ্চিত ভাবেই তাঁরই মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে দলটি বিপিএলে নামতে যাচ্ছে এক ঝাঁক উদীয়মান বাংলাদেশি ক্রিকেটার নিয়ে। সাথে অবশ্য থাকছেন অভিজ্ঞ নাজমুল হোসেন শান্ত।

দীর্ঘদিন ধরেই সাবেক এই ক্রিকেটার বাংলাদেশের পাইপলাইনে থাকা খেলোয়াড়দের নিয়ে কাজ করে যাচ্ছেন। হাই পারফরম্যান্স ইউনিটসহ সামলেছেন বিভিন্ন বয়সভিত্তিক দল। দায়িত্ব পালনের সূত্রেই বাংলাদেশের পাইপলাইনে থাকা তরুণ খেলোয়াড়দের সম্পর্কে তাঁর রয়েছে আপদমস্তক ধারণা।

বাংলাদেশ ‘এ’ দল থেকে রাজশাহী ওয়ারিয়ার্সে এসেছে জিসান আলম, রিপন মন্ডল, আকবর আলী, মেহেরব হাসান, ইয়াসির আলী এবং আব্দুল গাফফার সাকলাইন এর মতো উদীয়মান প্রতিভাবান বাংলাদেশি ক্রিকেটারেরা। ইয়াসির আলী ছাড়া বাকিরা প্রত্যেকেই জাতীয় দলের কড়া নাড়ছেন।

এছাড়াও অনূর্ধ্ব – ১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেট ব্যাচ থেকে রয়েছে তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে রয়েছে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নাওয়াজ, শাহিবজাদা ফারহানদের মতো পাকিস্তানি তারকা ক্রিকেটারেরা।

তরুণদের নিয়ে গড়া দল হলেও ব্যাটে বলে ‘ব্যালেন্সড’ একটি দল তৈরি করেছেন হান্নান সরকারের রাজশাহী ওয়ারিয়ার্স। তারুণ্য নির্ভর দলটাকে অভিজ্ঞতার জোগান দিয়ে যাবেন মুশফিকুর রহিম ও শান্ত। তরুণদের বড় মঞ্চের প্রস্তুতির একটা দারুণ আয়োজন। নিশ্চিতভাবেই বিপিএল জুড়ে বাংলাদেশি সমর্থকদেরও চোখ থাকবে রাজশাহী ওয়ারিয়ার্সের উপর।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link