দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক, প্রথম ফাইফার। রোমারিও শেফার্ডের বোলিং তোপে ওয়েস্ট ইন্ডিজের দূর্দান্ত জয়। স্কটল্যান্ডের সকল প্রতিরোধের দেয়াল ধসে গেছে শেফার্ডের ছোড়া গোলার আঘাতে। স্কটিশরা নিরুত্তর, ভাগ্যের জোরে সুযোগ পাওয়া দলটা যেন একেবারেই নিরুপায়।
ভারতের মাটিতে বিশ্বকাপের প্রথম ম্যাচ। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত স্কটল্যান্ডের। মারকুটে ক্যারিবিয়ান ব্যাটারদের বিপক্ষে বেশ সাহসী সিদ্ধান্ত। তবে ফলপ্রসূ হয়নি তা। কলকাতার ইডেন গার্ডেন্সের উইকেট বুঝতে দুই ক্যারিবিয়ান ওপেনার সময় নিয়েছেন খানিকটা। তবে শিমরন হেটমায়ার উইকেটের করেননি তোয়াক্কা।

তার ১৭৭ স্ট্রাইকরেটের ৬৪ রানের পর, শেরফেন রাদারফোর্ড ও রভম্যান পাওয়েলের স্বল্প দৈর্ঘ্যের ঝড়ে ১৮২ রানের সংগ্রহ ক্যারিবিয়ানদের স্কোরবোর্ডে। লক্ষ্যমাত্রা কঠিন, স্বল্প প্রস্তুতি আর অভিজ্ঞতার ঘাটতি থাকার পরও স্কটল্যান্ড লড়াই করতে চাইল বটে। অধিনায়ক রিচি বেনিংটন তাদেরকে নেতৃত্ব দিতে চাইলেন।
কিন্তু এক রোমারিও শেফার্ড স্কটিশদের কোন লড়াই করবার সুযোগই দিতে চাইলেন না। এক ওভারেই তুলে নিলেন চারখানা উইকেট। টানা চার বলে চারটি উইকেট তুলে নেন শেফার্ড। ব্রেন্ডন ম্যাকমুলানের উইকেট শিকার করে এদিন দিনটা শুরু করেছিলেন শেফার্ড। তারপর স্কটল্যান্ডের লোয়ার মিডল অর্ডার থেকে লোয়ার অর্ডার পুরাটাই তিনি একা হাতে ধসিয়ে দেন।

গেল বছর বাংলাদেশের বিপক্ষেও টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছিলেন রোমারিও শেফার্ড। এদফা বিশ্বকাপের মঞ্চেও তিনি হ্যাটট্রিক করলেন। সাথে ক্যারিয়ারের প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেটে ফাইফারের দেখা পেলেন তিনি। তাতে করে ১৪৭ রানেই গুটিয়ে যেতে বাধ্য হয় স্কটল্যান্ড। আর ওয়েস্ট ইন্ডিজের নামের পাশে যুক্ত হয় ৩৫ রানের দাপুটে জয়।











