আম্পায়ারিংয়ের ব্লান্ডার চলছে। এবার কাঠগড়ায় বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল, যার সুবিধা পেল শ্রীলঙ্কা। যদিও, সেই সুযোগ কাজে লাগাতে পারেননি শ্রীলঙ্কার দাসুন শানাকা।
সুপার ওভারের চতুর্থ বল। আর্শদীপ সিংয়ের সেই ডেলিভারে শানাকার কোনো রান নেই, ধরা পড়েছেন কট বিহাইন্ডের ফাঁদে। আম্পায়ার আউট দিয়েছেন, তবে শ্রীলঙ্কা সঙ্গে সঙ্গেই রিভিউ নিয়েছে। এদিকে উইকেটের পেছন থেকে সাঞ্জু স্যামসন দুর্দান্ত এক আন্ডার-আর্ম থ্রোতে সরাসরি স্টাম্প ভেঙে দেন।

ইয়র্কার লেন্থে অফস্টাম্পের বাইরে বলটা হালকা বাইরে সরে যায়। শানাকা ব্যাট নামিয়ে খোঁচা মারতে চাইলেও ব্যাটে লাগেনি, কেবল পাশ কাটিয়ে বেরিয়ে গেছে। তবুও শানাকা কোনো এক অদ্ভুত কারণে দৌড়াতে শুরু করেন। তখনই স্যামসনের থ্রো। কিন্তু, রিভিউতে দেখা যায়, বল ব্যাটে লাগেইনি। আল্ট্রা এজ কোনো কিছু ধরতে পারেনি। ফলে, কট বিহাইন্ডের আবেদন নাকচ করা হয়েছে। এমনকি রান আউটও বাতিল হয়।
ব্যাখ্যা দেওয়া হয় যেহেতু আগে ক্যাচ আউট দিয়ে ফেলেছেন আম্পায়ার, আর সেই সিদ্ধান্তেই রিভিউ হয়েছে—তাই নিয়ম অনুযায়ী বল তখনই ‘ডেড’। আম্পায়ার গাজী সোহেল পরিষ্কার জানিয়ে দেন, প্রথম সিদ্ধান্তই প্রাধান্য পাবে। ফলে রান আউট থেকেও বেঁচে যান শানাকা। কিন্তু, প্রশ্ন হল রান আউট হওয়ার পর কেন কট বিহাইন্ডের জন্য আঙুল তুলবেন আম্পায়ার?

আম্পায়ার তো আঙুল তুলেছেন স্যামসনের থ্রো করে স্ট্যাম্প ভাঙার পর, ততক্ষণে রান আউটটা তাঁর বুঝে ফেলার কথা। যদিও পরের বলেই ক্যাচ আউট হন শানাকা। ফলে, ভুলের পরও তার প্রভাব পড়েনি ম্যাচে।










