অদম্য গতিতে ব্যাট চালিয়ে গেলেন সাইফ হাসান। শেষটা যেখানে করেছিলেন, শুরুটা ঠিক সেখান থেকেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজের খেলা শেষ ম্যাচে বার্তা দিয়েছিলেন ফর্মে ফেরার, সেটারই বাস্তবায়ন ঘটালেন অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে।
সাইফ যখন ছন্দে থাকেন, বোলারের কিছুই করার থাকে না। একেকটা শট দর্শকদের মতো তাকিয়ে দেখতে হয় বোলারদের। শুধু পার্থক্য কেবল উচ্ছ্বাসের বদলে মুখে ফুটে ওঠে এক অসহায়ত্ব।

দূরন্তের দেওয়া ১৪৩ রান তাড়া করতে সম্মুখসমরে সবার আগেই আসেন সাইফ। শুরু থেকেই চেনা রূপ, পাওয়ার-প্লেতে প্রতিপক্ষের পরিকল্পনা ভেস্তে দিতে বাধ্যপরিকর থাকলেন। তবে আগ্রাসী রূপটাই সবসময় দেখালেন না। সময়ের হাওয়া বদলের সাথে সাথে ইনিংসটাকে বদলে ফেললেন, খেলতে থাকলেন দেখেশুনে।
শেষমেষ ফিফটি তুলে ব্যাটটা উঁচিয়ে ধরলেন। বুঝিয়ে দিলেন ফর্মটা তো আসে-যায়। ৫০ রানের এই ইনিংসটি শেষ হলো। ৩০ বল খেলে চার চার আর তিন ছক্কার সাহায্যে স্ট্রাইক রেটটা ছিল ১৬৬। সাজঘরে ফেরার আগে কিছুটা স্বস্তির সুবাতাস ছড়িয়ে গেল মিরপুরের মাঠ জুড়ে।

ধারাবাহিক ব্যর্থতার সময় ছাপিয়ে ধারাবাহিক ছন্দে ফেরার ইঙ্গিত যে লুকিয়ে আছে, এই ইনিংসের মধ্যে। আর সাইফের ফর্মে ফেরা মানেই তো বাংলাদেশের ডেরায় স্বস্তি ফেরা।
Share via:











