টানা ১২ বলে ১১ ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন সালমান নিজার। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগে এমন কীর্তি গড়লেন তিনি।
থিরুভনন্তপুরমে আদানি ত্রিবান্দ্রাম রয়্যালস ও কালিকাট গ্লোবস্টারসের মধ্যকার ম্যাচ, প্রথমে ব্যাট করে ১৮ ওভারে ছয় উইকেট হারিয়ে কালিকাট তোলে ১১৮ রান। দলের অবস্থা যে খুব বেশি ভালো না তা স্কোরবোর্ড বুঝিয়ে দিচ্ছিল। তবে সালমান নিজার যেন মিশনে নামলেন, ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করলেন।
বাসিল থাম্পির করা ১৯তম ওভারের প্রথম পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকালেন। পরের ওভারে স্ট্রাইক ধরে রাখার জন্য শেষ বলে নিলেন এক রান। আর তাতেই যেন রয়্যালসের ঘুম হারাম।

প্রতিপক্ষ বোলার অভিজিত প্রবীণের টানা ছয় বলেই ছক্কা হাঁকিয়ে রীতিমতো বলের ছাল তুলে নেন। তবে ৩৬ রান নয় এই ওভার থেকে এসেছিল ৪০ রান।
সবমিলিয়ে দুই ওভার থেকে এসেছে ৭১ রান, অর্থাৎ ১১৮ রান থেকে দুই ওভারের ব্যবধানে সংগ্রহ দাঁড়িয়েছে ১৮৯ রান। আর নিজারের এই ইতিহাস গড়া ইনিংস শেষ হয়েছে ২৬ বলে ৮৬ রান তুলে, হাঁকিয়েছেন ১২টি ছক্কা। আর তাঁর দল জিতেছে ১৩ রানের ব্যবধানে।
সালমান নিজার অবশ্য খুব অপরিচিত নাম নন। রঞ্জি ট্রফিতে বেশ নজরকাড়া পারফরম্যান্সও করেছেন তিনি, খেলেছেন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও। সব মিলিয়ে বলা যায় এক নতুন তারকার উত্থান হচ্ছে ভারতের ক্রিকেটে।












