দরজায় কড়া নাড়ছে সেই বহুল প্রতীক্ষিত মহারণ। বাইশ গজের লড়াইয়ের আগে মাঠের বাইরের নাটকীয়তায় যখন ক্রিকেট বিশ্ব সরগরম, ঠিক তখনই নিজের আত্মবিশ্বাসী অবস্থানের কথা জানালেন পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে কেবল জয় নয়, বরং ভয়ডরহীন এবং আক্রমণাত্মক ক্রিকেট উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সম্প্রতি ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যে বয়কটের ডাক দিয়েছিল, সোমবার তা প্রত্যাহার করে। সরকারের নির্দেশে এবং বিশ্ব ক্রিকেটের বিভিন্ন মহলের অনুরোধে পাকিস্তান শেষ পর্যন্ত মাঠে নামার সিদ্ধান্ত নেয়।
এই টানাপোড়েনের পর নীরবতা ভেঙেছেন ফারহান। তার ভাষ্যমতে, বাইরের কোনো বিতর্ক নয়, বরং তাদের মূল লক্ষ্য এখন ভারতের বিপক্ষে ইতিবাচক ক্রিকেট খেলা।

ফারহান বলেন, ‘বিগত এশিয়া কাপসহ ভারতের বিপক্ষে আগের ম্যাচগুলোতে আমাদের যে মানসিকতা ছিল, আমরা সেই ধারা বজায় রেখেই মাঠে নামব। আমাদের লক্ষ্য স্পষ্ট – ইতিবাচক থাকা এবং প্রথম বল থেকেই আক্রমণ শানানো।’
ভারতের বিপক্ষে মহারণে নামার আগে ফারহানের আত্মবিশ্বাসের রসদ জোগাচ্ছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তার সাম্প্রতিক বিধ্বংসী ইনিংস। ৪১ বলে ৭৩ রানের এক ঝড়ো ইনিংস খেলে দলকে ১৯০ রানের পাহাড়সম সংগ্রহ এনে দিয়েছিলেন তিনি।
নিজের ব্যক্তিগত লক্ষ্য নিয়ে ফারহান বলেন, ‘অনুশীলনে নেটে বল খুব সুন্দরভাবে ব্যাটে আসছিল। আমি ব্যাটিং কোচ হানিফ মালিককে আগেই বলেছিলাম যে আমি আজ বিশেষ কিছু করতে যাচ্ছি। আমার লক্ষ্য হলো এই বিশ্বকাপে অন্তত দুই থেকে তিনটি ম্যাচসেরা হওয়ার পুরষ্কার জেতা।’ ভারতের বিপক্ষেও নিজের ফর্ম ধরে রেখে ব্যাট হাতে নেতৃত্ব দিতে চান পাকিস্তানি এই ওপেনার।











