চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে নাস্তানাবুদ হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে শুরু হয়েছে বড় ধরনের তোলপাড়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের কাছে ৬১ রানের শোচনীয় হারের পর এবার বড় কোন শুদ্ধি অভিযানে নামতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গুঞ্জন শোনা যাচ্ছে, আসন্ন ম্যাচে দুই মহাতারকা বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদিকে বাদ দেওয়া হতে পারে।
ভারতের বিপক্ষে দলের এমন অসহায় আত্মসমর্পণ মেনে নিতে পারেননি বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি। ম্যাচ চলাকালীন দলের পারফরম্যান্স যখন তলানিতে ঠেকে, তখনই চরম অসন্তোষ নিয়ে গ্যালারি ছাড়েন তিনি।
পরবর্তীতে টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমার মাধ্যমে তিনি খেলোয়াড়দের কড়া বার্তা পৌঁছে দেন। পিসিবি প্রধানের মতে, বড় ম্যাচে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন পারফরম্যান্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

দলের প্রধান কোচ মাইক হেসনও ড্রেসিংরুমে খেলোয়াড়দের ওপর বিরক্তি প্রকাশ করেছেন। তার মতে, দলের প্রতিটি সদস্য তাদের সামর্থ্যের সিকিভাগও মাঠে ঢেলে দিতে পারেননি। এই ব্যর্থতার জের ধরে বুধবার নামিবিয়ার বিপক্ষে ম্যাচে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।
বাবর ও শাহীনকে বিশ্রাম দিয়ে তাদের পরিবর্তে নাসিম শাহ কিংবা সালমান মির্জার সাথে ফখর জামানকে একাদশে ফেরানোর কথা ভাবছে পাকিস্তান। এই বাজে পারফরম্যান্সের খেসারত স্বরূপ বিশ্বকাপ পরবর্তী সময়ে তাদেরকে দল থেকেও বাদ দেওয়া হতে পারে।
বাজে পারফরম্যান্স ও নামের প্রতি সুবিচার করতে না পারায় বাবর ও রিজওয়ানকে ইতোপূর্বেই বাদ দেওয়া হয়েছিল দল থেকে। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় এশিয়া কাপের পরই দলে ফেরানো হয় বাবরকে। আগে থেকেই দলে থাকলেও বল হাতে নিজেকে যেন হারিয়ে খুজঁছেন শাহীনও। নামের কারণে এই দুইজনের প্রতি আকাশসম প্রত্যাশা থাকলেও, মাঠের পারফরম্যান্সে যেন সেই ভাঁড়ে মা ভবানী।











