লাল-সবুজের ক্রিকেট আকাশে হঠাৎ করেই বেজে উঠছে বিদায়ের সুর। বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে ইস্তফা দিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক গতিদানব শন টেইট। বেশ কিছুদিন ধরেই তাঁর চাকরি ছাড়ার গুঞ্জন উঠলেও, এবার ঘরের মাঠে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগেই সম্ভবত ইতি ঘটতে যাচ্ছে টেইট-অধ্যায়ের।
২০২৫ সালের মে মাসে দায়িত্ব নেন টেইট। এর পর থেকেই বাংলাদেশের পেস ইউনিটকে এক নতুন দিশা দেখিয়েছিলেন এই অজি স্পিডস্টার। গতি আর আগ্রাসনের মিশেলে তরুণ পেসারদের মনে তিনি বুনে দিয়েছিলেন লড়াকু মানসিকতা। বিশেষ করে তরুণ গতি তারকা নাহিদ রানাকে এক্সপ্রেস পেসার হিসেবে গড়ে তোলার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল তাঁরই।

তবে পারিবারিক কারণ দেখিয়ে এই সফল সফরের মাঝপথেই ডেরা গুটিয়ে নিচ্ছেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ৩ জুন থেকে তাঁর যোগ দেওয়ার কথা থাকলেও, সেটি এখন চরম অনিশ্চয়তায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি কর্মকর্তা ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকবাজকে বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজের আগে সে যোগ দেবে কিনা আমি নিশ্চিত নই। পারিবারিক কারণ দেখিয়ে কাজ চালিয়ে যেতে সে আর প্রস্তুত না।’
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও, মনটা হয়তো তাঁর বেশ আগেই উঠে গিয়েছিল। গুঞ্জন শোনা যাচ্ছে, ভারতের ঘরোয়া ক্রিকেটে বেঙ্গলের কোচিং প্যানেলে যোগ দিতে এরই মধ্যে সাক্ষাৎকারও দিয়ে ফেলেছেন টেইট। ফলে ৯ জুন থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ হোম সিরিজের আগেই অভিভাবকহীন হয়ে পড়ছে টাইগারদের পেস আক্রমণ।

একসময় যিনি বিধ্বংসী গতিতে বল ছুড়ে প্রতিপক্ষের বুকে ভুয়ের জন্ম দিতেন, তাঁর দেখানো পথে সেই কাজটাই করে যেতে শুরু করেছিলেন নাহিদ রানারা। লাল-সবুজের ডাগআউটে শন টেইটের এই সংক্ষিপ্ত কিন্তু প্রভাবশালী অধ্যায়টি বাংলাদেশের পেস বোলিংয়ের ইতিহাসে এক দারুণ গতিময় গল্প হয়েই থেকে যাবে।










