তামিম বনাম তামিম, কে এগিয়ে?

নিজের খেলা প্রথম ৩৬ টি-টোয়েন্টিতে পরিসংখ্যানের পাতায় তানজিদ তামিমই রয়েছেন এগিয়ে তামিম ইকবালের তুলনায়।

তামিমের পরিবর্তে তামিম। তামিম ইকবালের স্থলাভিষিক্ত হয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন তানজিদ হাসান তামিম। প্রচুর চাপের মুখে নিজেকে সামলে নিতে রীতিমত হিমশিম খাচ্ছিলেন তিনি। তবে সময়ের সাথে সাথে পরিবণত হয়েছেন, টি-টোয়েন্টিতে নিজের আলাদা একটা জায়গা তৈরি করে ফেলেছেন। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৩৬ ম্যাচ খেলেছেন তানজিদ তামিম। তামিম ইকবালের সাথে তার পরিসংখ্যানগত তুলনা কিন্তু চাইলেই করা যায়।

নিজের খেলা প্রথম ৩৬ টি-টোয়েন্টিতে পরিসংখ্যানের পাতায় তানজিদ তামিমই রয়েছেন এগিয়ে। এখন পর্যন্ত ৮০৫ রান সংগ্রহ করেছেন। অন্যদিকে তামিম ইকবাল এই সময়ে সংগ্রহ করেছিলেন ৭০২ রান। এই সময়ে তামিম ইকবালের স্ট্রাইকরেট ছিল ১০৬.২০। অন্যদিকে তানজিদ তামিমের স্ট্রাইকরেট ১২৭.৩৭। এখানেও পুরনো তামিমের চাইতে নতুন তামিম রয়েছেন এগিয়ে।

শুধু যে সামগ্রিক পরিসংখ্যানে তানজিদ তামিম এগিয়ে, তা কিন্তু নয়। দেশের মাটিতেও তানজিদ তামিমের পরিসংখ্যান তামিম ইকবালের চাইতে ভাল অবস্থায় রয়েছে। নিজের প্রথম ৩৬টি টি-টোয়েন্টি ইনিংসের মধ্যে ১১টি ইনিংস খেলেছেন তামিম দেশের মাটিতে। সেই ১১ ইনিংসে ২১৪ রান নিতে পেরেছেন তিনি, ২০৫ বল মোকাবেলা করে। সেই সময়ে তার স্ট্রাইক রেট ছিল ১০৬.৪৬।

পক্ষান্তরে ৯ ইনিংস ঘরের মাঠে খেলেছেন তানজিদ তামিম। এই সময়ে তিনি সংগ্রহ করেছেন ২৪৪ রান। বল মোকাবেলা করেছেন ২০০টি। তার স্ট্রাইকরেট ১২২ এর ঘরে। তবে তানজিদের আগ্রাসনটা পরিস্ফুটিত হয়েছে মূলত বিদেশের মাটিতে, একটু ব্যাটিং সহায়ক উইকেটে। এখন পর্যন্ত বিদেশের মাটি ও নিরপেক্ষ ভেন্যুতে ২৭টি ম্যাচ খেলেছেন তানজিদ তামিম। রান সংগ্রহ করেছেন ৫৬১টি।

স্ট্রাইকরেট তার ১২৯.৮৬। অন্যদিকে তামিম ইকবালের স্ট্রাইকরেট স্রেফ ১০৩.৬১। তিনি খেলেছেন ২৫টি ম্যাচ। ৪৮৮টি রান করতে পেরেছেন তামিম ইকবাল খান। অতএব সবদিক বিবেচনায় নিজের খেলা প্রথম ৩৬টি টি-টোয়েন্টি ইনিংসে তানজিদ তামিমের পাল্লাই ভারি।

তবে তার ক্যারিয়ার তামিম ইকবালের মত দীর্ঘায়িত হলে এই সংখ্যায় তিনি অনায়াসে ছাপিয়ে যাবেন তার অগ্রজকে। সে জন্যে স্রেফ টিম ম্যানেজমেন্টকে একটু ভরসা করতে হবে তরুণ তামিমের উপর।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link