বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে যে ভুলটা করেছিল অস্ট্রেলিয়া দল, সেটার শতভাগ ফায়দা আদায় করে নিলেন তানজিদ হাসান তামিম। দারুণ আগ্রাসী ব্যাটিং করে ৪০ বলে ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে হাফসেঞ্চুরির মাইলফলকে পৌঁছান তিনি।
শেষ পর্যন্ত ৪৪ বলে ৫৪ রান করে নাথান এলিসের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ওপেনার। ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ১টি ছক্কায়, যেখানে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালান তিনি। প্রথম উইকেটে সাইফ হাসানের বিদায়ের পর একটুও দমে যাননি তানজিদ।

কাউন্টার অ্যাটাক করেন। তিন নম্বরে নামা টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ৯৬ রানের জুটি। দ্রুত রান তোলার পাশাপাশি তিনি বাংলাদেশের ইনিংসকে শক্ত ভিত এনে দেন এবং অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের ওপর ধারাবাহিকভাবে চাপ তৈরি করেন। তৃতীয় উইকেট জুটিতে শান্তর সাথে যোগ করেন ৯৬ রান।
এর আগে সর্বশেষ ওয়ানডে ফিফটি তিনি করেছিলেন ২০২৬ সালের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ইনিংসের পর আবারও ফিফটির দেখা পেলেন তানজিদ, আর সেটাও এলো শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে, গুরুত্বপূর্ণ মুহূর্তে।

পনেরো বছর পর বাংলাদেশে ওয়ানডে সফরে আসা অস্ট্রেলিয়াকে শুরুতেই বার্তা দিয়ে গেলেন এই তরুণ ওপেনার। চাইলে নিজের রানটা আরও বাড়িয়ে নিতে পারতেন। তবে, আক্রমণের ধার বাড়াতে গিয়েই ফিরে গেছেন সাজঘরে।











