গম্ভীরের নকশাতেই রোহিত–বিরাট যুগের অবসান

রোহিত-বিরাট যুগের ইতি নাকি গম্ভীর যুগের উত্থান - কোন নামে ডাকে হবে এই আয়োজনকে? এই প্রশ্ন নিয়েই বরং বেশি আলোচনা হতে পারে।

কিং মেকার গৌতম গম্ভীর। কিংবদন্তি পতনের নায়কও তিনি। যদিও, নায়ক না বলে তাঁকে এখানে খলনায়কও বলাই যায়।

ক্রিকেটের মঞ্চে দৃশ্যপট বদলায় নীরবে, কিন্তু সেই নীরবতার পেছনে থাকে এক গভীর পরিকল্পনা। ভারতের ক্রিকেটেও ঠিক তাই ঘটেছে। ভারতের জন্য সেই গভীর পরিকল্পনা বড্ড বেশি গম্ভীর।

যখন সবাই ভেবেছিল রোহিত শর্মা আর বিরাট কোহলিই ভারতের ক্রিকেটের চিরন্তন দুই স্তম্ভ, তাঁদের ছাড়া ভারতের ক্রিকেট কল্পনা করাই অসম্ভব। তখনই বোর্ডের কোথাও কেউ একজন আঁকছিলেন নতুন পথের রেখাচিত্র। সেই রেখাচিত্রের নাম—গৌতম গম্ভীর।

খোদ বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নিজস্ব এজেন্ডা  নিয়ে এসেছিলেন তিনি। ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল শিরোপা এনে দেওয়ার পর থেকেই বোর্ডের উচ্চপর্যায়ে তৈরি হচ্ছিল এক নতুন রোডম্যাপ। নেতৃত্বে পরিবর্তন, ভাবনায় নতুন রক্ত—সবকিছুর সুর তখন থেকেই বাজতে শুরু করে।

আর এই সুরের সংগীত পরিচালক ছিলেন নিজে জয় শাহ, যিনি নাকি দৃঢ়ভাবে চেয়েছিলেন ভারতীয় ক্রিকেটকে রোহিত–বিরাট নির্ভরতার বাইরে নিয়ে যেতে। গম্ভীরের শর্তও ছিল স্পষ্ট— টি–টোয়েন্টিতে চাই তরুণ দল। আর ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে চাই নতুন নেতা, চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫–এ যা–ই হোক না কেন।

ক্রিকেটে বাস্তবতা কল্পনাকেও ছাড়িয়ে যায়, সেই বিশ্বাসটা তখন কারও মধ্যেই ছিল না। কিন্তু, সেই ভয়ংকর রকমের অবিশ্বাস্য ‘চক্রান্ত’-ই এখন বাস্তব। রোহিত ও বিরাট দুজনেই টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতে অবসরে গেছেন, টেস্ট থেকেও অবসর নিতে একরকম বাধ্যই করা হয়েছে তাঁদের।

এবার নাকি বোর্ডের নজর গেছে ওয়ানডেতেও—রোহিত শর্মার অধিনায়কত্ব শেষ, এমনকি ২০২৭ সালের দলে তার জায়গাও নাকি অনিশ্চিত! একসময় যাদের নামেই ভারতীয় ক্রিকেটের শুরু ও শেষ লেখা হতো, এখন তারা ইতিহাসের পাতায় সরে যাচ্ছেন ধীরে ধীরে। বিরাট এক মহাকাল তাঁদের শেষ পর্দা নামিয়ে ফেলছে, একদম নীরবেই, উচ্চবাচ্য করার কেউ নেই।

আর মঞ্চের আলোয় উঠছেন নতুনরা—গম্ভীরের তত্ত্বাবধানে, জয় শাহের নীরব সমর্থনে, ভারতীয় ক্রিকেটের নতুন এক অধ্যায় শুরু হচ্ছে। রোহিত-বিরাট যুগের ইতি নাকি গম্ভীর যুগের উত্থান – কোন নামে ডাকে হবে এই আয়োজনকে? এই প্রশ্ন নিয়েই বরং বেশি আলোচনা হতে পারে।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link