ছক্কা মানব সাইফের স্বপ্নযাত্রা

সাইফ হাসান বাংলাদেশের জন্য এক নজীরবিহীন আবিস্কার। তাঁর ফ্লিক করে হাঁকানো একেকটা ছক্কা এখন নতুন দিনের ক্রিকেটের বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনে আপাতত কোনো বিরতি না আসুক, প্রত্যাশা আপাতত এটুকুই।

প্রেয়সীর চোখের কাজল একদিন মলিন হয়ে যেতে পারে, কিন্তু সাইফ হাসানের ব্যাট থেকে উড়ে আসা ছক্কাগুলো যেন অনন্ত যৌবনা—প্রতিটি শটে এক রোমাঞ্চ, এক বিদ্যুৎ ঝলক।

কে জানত, নেদারল্যান্ডস সিরিজের আগে যিনি দলের মূল পরিকল্পনায়ই ছিলেন না, তিনিই কিনা এখন বাংলাদেশের সবচেয়ে ভয়ংকর টি–টোয়েন্টি পাওয়ার হিটারদের একজন হয়ে উঠবেন!

বছর চারেক আগে কেউ যদি বল, বাংলাদেশের টি–টোয়েন্টি ব্যাটিংয়ের নতুন রাজপুত্রের নাম একদিন হবে সাইফ হাসান, বেশিরভাগেই হয়তো অবিশ্বাসে হেসে দিত। কিন্তু, ক্রিকেটের সৌন্দর্যই তো এখানে—নীরব আগুনের মানুষরাই একদিন আলো জ্বেলে দেন সবচেয়ে উজ্জ্বলভাবে।

মাত্র ৯ ইনিংসে ২৪টি ছক্কা—সংখ্যাটা শুনলেই বোঝা যায়, সাইফ এখন আর ‘অ্যাঙ্কর ব্যাটসম্যান’ নন, তিনি আগুনের রেখা টেনে চলা এক আক্রমণাত্মক কবি। প্রতি ইনিংসে গড়ে ২.৬৬ ছক্কা, যা এই বছরে বাংলাদেশের কোনো ব্যাটারের চেয়ে সবচেয়ে বেশি।

এই বছর টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম। ২১ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৩০টি ছক্কা—প্রতি ইনিংসে গড়ে ১.৪২ টি। তার পরেই আছেন পারভেজ হোসেন ইমন, ১৯ ইনিংসে ২৮ টি ছক্কা, প্রতি ইনিংসে গড়ে ১.৪৭ টি। এর পরেই আছেন সাইফ হাসান, যিনি বছরের শুরুতে টি-টোয়েন্টি পরিকল্পনাতেই সেই অর্থে ছিলেন না।

একসময় জাতীয় দলে জায়গা পেতে যিনি লড়াই করতেন, সেই সাইফ এখন ছক্কার রাজপুত্র। গত দুই বছরে নিজেকে ভেঙেচুড়ে তিনি এখন অন্য মানব। আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার ম্যাচে হাঁকিয়েছেন সাত ছক্কা, টি-টোয়েন্টির এক ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা হাঁকানোর নজীর আর মাত্র একজন বাংলাদেশি ব্যাটারই দেখাতে পেরেছেন।

সাইফ হাসান বাংলাদেশের জন্য এক নজীরবিহীন আবিস্কার। তাঁর ফ্লিক করে হাঁকানো একেকটা ছক্কা এখন নতুন দিনের ক্রিকেটের বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনে আপাতত কোনো বিরতি না আসুক, প্রত্যাশা আপাতত এটুকুই।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link