বৃষ্টি বাগড়া দেওয়ায় মাঠ ছেড়ে ড্রেসিংরুমের দিকে হাঁটছেন বিরাট কোহলি আর শুভমান গিল। ক্যামেরা তখন স্থির হয়ে গেল অন্য এক জায়গায়, ভারত অধিনায়কের কপালে। কানের একটু ওপরে, শিরার কাছে লাগানো ছোট্ট ধাতব রঙের একটা জিনিস। রোদ-বৃষ্টির খেলায় ব্যাটিংয়ের চেয়েও বেশি আলোচনা শুরু হয়ে গেল ওই যন্ত্র নিয়ে।
প্রশ্নটা উঠল সঙ্গে সঙ্গেই। এটা কি কোনো চিকিৎসার যন্ত্র? নাকি নতুন ধরনের ফিটনেস ব্যান্ড?
উত্তরটা আসতে সময় লাগল না, এটা প্রযুক্তি। যন্ত্রটির নাম ‘টেম্পল’। জোম্যাটোর প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েলের উদ্যোগে তৈরি এই ওয়্যারেবল ডিভাইস মস্তিষ্কে রক্তপ্রবাহের পরিবর্তনসহ শরীরের নানা সংকেতের হিসাব রাখে। কপালের পাশে বসানো আলো-ভিত্তিক সেন্সর ওই সংকেত ধরে। এর মাধ্যমে বোঝা যায় শারীরিক পরিশ্রম, মানসিক চাপ কিংবা মনোযোগ ধরে রাখার চেষ্টার সময় শরীর কেমন সাড়া দিচ্ছে।
স্মার্টওয়াচের সঙ্গে পার্থক্যটা এখানেই। হাতঘড়ি সাধারণত হার্ট রেট, ঘুম আর চলাফেরার হিসাব দেয়। টেম্পল সেখানে হিসেব রাখে মাথার ভেতরেরটা। ক্রিকেটের মতো খেলায় ঘণ্টার পর ঘণ্টা মনোযোগ ধরে রাখতে হয়, সঙ্গে শরীরের ধকলও আছে। তাই ট্রেনিং আর রিকভারির ধরন বুঝতে এমন তথ্য কাজে লাগতে পারে, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের।

গিলই প্রথম নন। ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুকেও এই ডিভাইস ব্যবহার করতে দেখা গেছে। নিউজিল্যান্ডে অনুশীলনের সময়ও গিলকে এটি পরে থাকতে দেখা গিয়েছিল। তবে ম্যাচের মধ্যে, তা-ও অধিনায়কের কপালে, দেখে নতুন করে নজর কেড়েছে।
ভারতে যন্ত্রটির দাম প্রায় ৮৫ হাজার টাকা। ১ নভেম্বর থেকে শুরু হয়েছে প্রি-অর্ডার। তবে একটা কথা পরিষ্কার থাকা দরকার। এটা প্রচলিত ব্রেন স্ক্যানার বা ইইজি নয়। মস্তিষ্কের কোনো রোগ ধরতে বা চিকিৎসা করতেও এটি ব্যবহার করা যায় না। ডিভাইসটির কার্যকারিতা আর স্বাস্থ্যসংক্রান্ত দাবি নিয়ে বৈজ্ঞানিক যাচাইও এখনো চলছে। আর এটি যে খেলোয়াড়ের পারফরম্যান্স সরাসরি মাপে, তাও বলা যাবে না।
সব মিলিয়ে ক্রিকেট মাঠে এখন শুধু ব্যাট, বল আর রানের হিসাব নেই। খেলোয়াড়ের মাথার ভেতরের হিসাবও কেউ কেউ রাখতে চাইছেন। সেই হিসাব শেষ পর্যন্ত কতটা কাজের, তার উত্তর দেবে সময়। তবে বৃষ্টির বিরতিতে গিলের কপাল যে ব্যাটিংয়ের চেয়েও বেশি কথা বলিয়েছে, তাতে সন্দেহ নেই।











