জানুয়ারিতে আসছে ভারত, নিশ্চয়তা পেয়েছে বিসিবি

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের শীতলতায় শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি সিরিজ। এবার আবারও আলোচনার টেবিলে সেই ছয় ম্যাচের সিরিজ। দুই ক্রিকেট বোর্ডের মধ্যে সমঝোতা হয়েছে, সরকারের পর্যায়েও চলছে যোগাযোগ। এবার কি তবে অপেক্ষার অবসান হবে?

দুই দেশের রাজনৈতিক সম্পর্কের বরফ গললে জানুয়ারিতেই বাংলাদেশে খেলতে আসবে ভারতীয় ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি, ছয় ম্যাচের এই সিরিজ আয়োজনের ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বোর্ড অব কনট্রোলফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এখন অপেক্ষা দুই দেশের সরকারের সবুজ সংকেতের।

বিসিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে, জানুয়ারির প্রথম ভাগে সিরিজ আয়োজনের ব্যাপারে দুই বোর্ডের আলোচনা অনেকটাই এগিয়েছে। গত ২৮ অক্টোবর বিসিবির ওয়ার্কিং কমিটির সভায় বোর্ড সভাপতি তামিম ইকবালও আলোচনার অগ্রগতি সম্পর্কে সদস্যদের জানান। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ হতে পারে সিরিজটি।

বিষয়টি নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি তামিম ইকবালও। তিনি মনে করেন, ‍দুই দেশের বোর্ড সিরিজ আয়োজনের ব্যাপারে ইতিবাচক। বিসিবির সাথে এখন পর্যন্ত বিসিসিআইয়ের যা আলোচনা হচ্ছে তাতে খুব দ্রুতই সিরিজের চূড়ান্ত সূচি জানা যাবে।

তাঁর ভাষায়, ‘আমরা একটা উইন্ডো (সময়) নিয়ে আলোচনা করছি। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের আলোচনা যেভাবে এগোচ্ছে, তাতে আমি আশাবাদী, ভারতীয় দল সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে। দুই বোর্ড ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করছে।’ তবে সিরিজের নির্দিষ্ট তারিখ এখনই জানাতে চাননি তিনি।

সিরিজটি নিয়ে আলোচনা অবশ্য নতুন নয়। আইসিসি ও এসিসির সভায় যোগ দিতে গিয়ে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে অনানুষ্ঠানিক কথা বলেছেন তামিম। পরে জুম মিটিংয়েও জানুয়ারির শুরুতে সিরিজ আয়োজনের ব্যাপারে নীতিগত ঐকমত্যে পৌঁছান দুই বোর্ডের কর্মকর্তারা।

যদিও, ভারতীয় দলের বাংলাদেশ সফরের জন্য দুই দেশের সরকারের ইতিবাচক সংকেত প্রয়োজন। বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা ও সময় নির্ধারণের অগ্রগতি দেখে বিসিবি আশাবাদী। এ বিষয়ে বিসিবিও বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং ইতিবাচক সাড়া পাচ্ছে।

ভারতীয় দলের সফর নিয়ে নিয়মিত সরকারের সাথে যোগাযোগ হচ্ছে বিসিবি সভাপতি তামিম ইকবাল ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের মধ্যে। সম্প্রতি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংস্কারকাজ পরিদর্শনেও তাঁদের মধ্যে এ বিষয়ে কথা হয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও ভারতীয় দলের সফর নিয়ে ইতিবাচক।

ভারতের এই বাংলাদেশ সফর নিয়ে এর আগেও দুবার সূচি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের শীতলতায় শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি সিরিজ। এবার আবারও আলোচনার টেবিলে সেই ছয় ম্যাচের সিরিজ। দুই ক্রিকেট বোর্ডের মধ্যে সমঝোতা হয়েছে, সরকারের পর্যায়েও চলছে যোগাযোগ। এবার কি তবে অপেক্ষার অবসান হবে?

Share via
Copy link