ইনজুরির মিছিলে ধুঁকতে থাকা সত্ত্বেও অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। লুইস দিয়াজ, জামাল মুসিয়ালা ও সার্জ গ্যানাব্রির মতো তারকারা অনুপস্থিত থাকলেও লিন্নার্ট কার্ল ও কনরাড লাইমেরের জাদুকরী গোলে স্প্যানিশ দুর্গ জয় করে বাভারিয়ানরা।
ম্যাচের প্রথমার্ধজুড়ে দুই দলের ট্যাকটিক্যাল লড়াইয়ে কোনো দলই জালের দেখা পায়নি। সিমিওনের শিষ্যরা বায়ার্নের আক্রমণভাগকে আটকে রাখতে নিজেদের রক্ষণ দুর্গ জমাট রেখেছিল বটে, তবে বিরতির পর ম্যাচের চিত্র সম্পূর্ণ বদলে যায়।

৫৪তম মিনিটে ডেডলক ভাঙেন বায়ার্নের তরুণ সেনসেশন লিন্নার্ট কার্ল। বক্সের ভেতর বল পেয়ে অসাধারণ নৈপুণ্যে বা পায়ের শটে বল জালে জড়ান তিনি, যা মেত্রোপোলিতানোর গ্যালারিকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয়। স্কোরলাইন ১-০ হওয়ার পর অ্যাতলেটিকো ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালালেও বায়ার্নের সুশৃঙ্খল রক্ষণ ও মাঝমাঠের আধিপত্য তাদের সেই সুযোগ দেয়নি।
এরপর ৭৪তম মিনিটে আসে সেই নান্দনিক মুহূর্ত, যা ম্যাচের ভাগ্য পুরোপুরি নির্ধারণ করে দেয়। হ্যারি কেনের নিখুঁত অ্যাসিস্ট থেকে ডি-বক্সের ডান দিক থেকে দুরূহ এক কোণ দিয়ে ডান পায়ের জোরালো শটে গোল করেন কনরাড লাইমের।

কেনের জাদুকরী পাস আর লাইমের ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে বায়ার্ন পেয়ে যায় তাদের কাঙ্ক্ষিত দ্বিতীয় গোল।
শেষ পর্যন্ত আর কোনো গোলের দেখা না মিললে ০-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাভারিয়ানরা। ইনজুরির ধাক্কা সামলে মেত্রোপোলিতানোর মতো কঠিন মঞ্চে বায়ার্নের এই পারফরম্যান্স প্রমাণ করে দিল – তারকা সংকট থাকলেও মানসিক দৃঢ়তা আর ট্যাকটিক্যাল ডিসিপ্লিন থাকলে যেকোনো দুর্গই জয় করা সম্ভব।











