সংযুক্ত আরব আমিরাতের ১১ জন বনাম আফগানিস্তানের এক আজমতউল্লাহ ওমরজাই। এমনই এক অসম লড়াই চলল যেখানে জয়ের নিশান উড়ালেন ওমরজাই। দাপুটে বোলিংয়ের পর ব্যাট হাতে তুললেন ঝড়, তাতেই আফগানরা মাঠ ছাড়ল পাঁচ উইকেটের জয় নিয়ে।
আফগানিস্তানের আমন্ত্রণে ব্যাটিংয়ে এসেছিল আরব আমিরাত। আর এরপরই শুরু হলো ওমরজাইয়ের আগুনে বোলিং। যার উত্তাপে পুড়ে ছারখার হতে বাধ্য হলো আমিরাতের ব্যাটিং অর্ডার।

যেমন কৃপণ তেমনই শিকারী মানসিকতা। ওমরজাই চার ওভার হাত ঘুরিয়ে তুললেন চার উইকেট, বিনিময়ে খরচ করলেন মাত্র ১৫ রান। এই সংখ্যাগুলোই বলে দেয় কতটা প্রভাব বিস্তার করেছেন তিনি। তবুও শোয়েব খানের ৬৮ রানের ইনিংসের সুবাদে ১৬০ রানের সংগ্রহ তোলে আরব আমিরাত।
জবাবে ব্যাট করতে নামা আফগানদের শুরুটা মোটেও স্বস্তিদায়ক হয়নি। ইনিংসের প্রথম বলেই রাহমানউল্লাহ গুরবাজকে হারায় তারা। ইব্রাহিম জাদরান অবশ্য পরিস্থিতির সামাল দেন। ফিফটি আসে তাঁর ব্যাট থেকে। তবে ১০০ না পেরোতেই চার উইকেট হারিয়ে ফেলা আফগানিস্তান জয় থেকে তখনও অনেকটা দূরে।

রান রেটের চাপ বাড়ছে, আরব আমিরাত ম্যাচে ফিরে আসার স্বপ্ন দেখছে। তখনই হাজির ওমরজাই। ব্যাটটাকে তরবারি বানিয়ে শাসন করতে থাকলেন আমিরাতের বোলারদের। ২১ বলে ৪০ রান, তিন ছক্কা আর দুই চারে সাজানো ইনিংসের স্ট্রাইক রেট ১৯০। ওটাই মূলত সব সহজ করে দিল। আফগানিস্তান জয় পেল পাঁচ উইকেটে। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে জয়ের মূল নায়ক বনে গেলেন ওমরজাই।
Share via:











