বারুদের কোন সাইজ হয় না। বৈভব সুরিয়াভানশিকে দেখা মাত্রই হয়ত এই কথাটাই আসবে যে কারো মাথায়। তবে সুরিয়ার মস্তিষ্কে যেন এখন এক নতুন উন্মাদনা বাসা বেধেছে- দ্রুতই গায়ে চড়াতে হবে টিম ইন্ডিয়ার নীল জার্সি।
বয়সটা ১৫ হয়েছে, আর সেই ১৫ বছরকে ট্রিবিউট দিলেন তিনি স্রেফ ১৫ বলে ফিফটি হাঁকিয়ে। ব্যাটিংয়ের সকল রেকর্ড যে তার সামনে ভীষণ নড়বড়ে। ভয় নেই এক ছটাক, আছে হৃদয় ভর্তি অগাধ সাহস। সেই সাহসের রকেটে চেপে তিনি রান তোলেন আলোর গতিতে।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সেই স্বভাবজাত ধ্বংসলীলা আবারও মঞ্চস্থ করলেন তরুণ এই ব্যাটার। পাঁচ বারের চ্যাম্পিয়ন দলটিকে বানিয়ে ফেললেন পাড়ার কোন ক্লাব। ম্যাট হেনরিরাও নিরুত্তর। এই ছোকড়া কি করে! বিস্ময়ের ঘোর যেন কাটতেই চায় না।
১৭ বল টিকলেন। সেই ১৭ বলের নয়টিতেই হাঁকিয়েছেন বাউন্ডারি। চারের থেকে ছক্কাই বেশি। পাঁচ খানা ছক্কার ইনিংসটিতে তিনি চেন্নাই সুপার কিংসের ১২৮ রানের লক্ষ্যমাত্রাকে বানিয়ে ফেললেন ভীষণ মামুলি। প্রায় ৩০৬ স্ট্রাইকরেটে তিনি ভারতের নির্বাচক প্যানেলের দিকে পাঠিয়ে রাখলেন বার্তা, ‘বয়স কিন্তু হয়ে গেছে জাতীয় দলে খেলার’।

দূর্বলতা যে একেবারেই নেই তা অবশ্য বলা যায় না। শর্ট বলে একটু নড়বড়ে হয়ে পড়েন সুরিয়াভানশি। সেটুকু কাটাতে হবে, আরেকটু পরিপক্ক হতে হবে। তবে আগ্রাসনের এই তীব্রতা এবারের আইপিএলে চলমান থাকলে, জাতীয় দলের দুয়ার খেলেও যেতে পারে বিশেষ ক্ষমতাবলে।











