একটা দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে জাতীয় দলের জার্সি আবারও গায়ে চড়াবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ তাঁদের আগমনী বার্তা দিচ্ছে। এবারের অস্ট্রেলিয়া সফর অবশ্য এই দুই মহারথীর জন্য একপ্রকার অস্তিত্ব রক্ষার মঞ্চ। যদিও অজিদের বিপক্ষে দুজনেরই পরিসংখ্যানটা বেশ সমৃদ্ধ। তবে কে বেশি এগিয়ে, বিরাট নাকি-রোহিত, চলুন পারফরম্যান্সের খেরোখাতায় চোখ বোলানো যাক।
বয়সের রসানলে ক্রিকেট ক্যারিয়ারটা বিদায়ের সুর বাজিয়ে যাচ্ছে। তাই তো তরুণদের সাথে একটা অদৃশ্য লড়াই করতে হবে তাঁদের। যে লড়াইটা দলে টিকে থাকার। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছে, অস্ট্রেলিয়া সিরিজের পারফরম্যান্সের উপর নির্ভর করেই সিনিয়রদের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। অর্থাৎ এই সিরিজই হতে পারে রোহিত-কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ারের মোড় ঘোরানোর মুহূর্ত।
তবে পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত ও কোহলি দুজনেরই রেকর্ড অসাধারণ। সামগ্রিকভাবে রোহিত শর্মা খানিকটা এগিয়ে আছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ ম্যাচ খেলে কোহলি করেছেন ২৪৫১ রান, গড় ৫৪.৫ ও স্ট্রাইক রেট ৯৩.৬৯।

অন্যদিকে ৪৬ ম্যাচে রোহিতের রান ২৪০৭, গড় ৫৭.৩০ এবং স্ট্রাইক রেট ৯৬.৯১। চারটি ম্যাচ কম খেলেও রোহিতের গড় ও স্ট্রাইক রেট দুটোই কোহলির চেয়ে ভালো।
অস্ট্রেলিয়ার মাটিতে তাদের পারফরম্যান্সও প্রায় সমান সমান। কোহলি ২৯ ম্যাচে করেছেন ১৩২৭ রান, গড় ৫১.০৩। রোহিত খেলেছেন ৩০ ম্যাচ, রান করেছেন ১৩২৮, গড় ৫৩.১২। রান পার্থক্য মাত্র এক, গড়েও সামান্য এগিয়ে রোহিত। দুজনেরই অস্ট্রেলিয়ায় শতক পাঁচটি করে। এই পরিসংখ্যানই প্রমাণ করে, অজিদের ডেরায় দুই ব্যাটারই স্বাচ্ছন্দ্যবোধ করেন।
তবে এবার পরিস্থিতি একেবারেই আলাদা। দুজনেই দীর্ঘ সময় পর ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। বয়স, চাপ, আর ফিটনেস—সবই যেন এখন চ্যালেঞ্জ জানাচ্ছে। তবে কোহলি-রোহিতদের মতো ক্রিকেটাররা জানেন, প্রতিটি সুযোগই নতুন সূচনা। অস্ট্রেলিয়ার মাটিতে আবারও যদি জ্বলে ওঠে তাদের ব্যাট, তাহলে শুধু নিজেদের নয়, ভারতের ক্রিকেটের জন্য ফের হবেন ভরসার প্রতীক।












