এর চেয়ে বর্ণাঢ্য বিদায় সম্ভব নয়!

বিদায় বেলা এর চেয়ে বর্ণাঢ্য হতেই পারে না। হোবার্টে রঙিন এক বিদায় লিখে রাখলেন এলিসা। ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে শেষবারের মতো সাদা বলের ক্রিকেটে মাঠে নেমে ব্যাট হাতে ঝড় তুললেন অজি অধিনায়ক। আর তাতে প্রশ্ন উঠল আবারও, এত দ্রুতই কে বিদায় বলতে হবে?

মাঠে নামার সময় প্রতিপক্ষের ‘গার্ড অব অনার’—এরপর ২২ গজে নেমে ভারতীয় বোলারদের ওপর একপ্রকার তাণ্ডব। মাত্র ৭৯ বলেই তুলে নেন সেঞ্চুরি, মারেন ১৮টি চার। শেষ পর্যন্ত ৯৮ বলে ১৫৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ২৭টি চার ও ২টি ছক্কা।

এটি তার ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম শতক এবং ভারতের বিপক্ষে তৃতীয়। ১৫০ স্পর্শ করেন দ্রুত, পরে স্নেহ রানার বলে থামেন—১৫৮ রানে। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস।

৩৫ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার টানা দুই সেঞ্চুরি করেছিলেন ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে—বাংলাদেশ ও ভারতের বিপক্ষে। আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু ২০১০ সালে। এরপর থেকে সাদা বলের দুই ফরম্যাটেই ৩০০০–এর বেশি রান, আর টেস্ট ক্রিকেটে করেছেন ৪৮৯ রান।

দলীয় সাফল্যেও তিনি অনন্য—জিতেছেন ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি ওয়ানডে বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার হয়ে রঙিন পোশাকে তার অধ্যায় তাই সাফল্য আর রেকর্ডে টইটম্বুর।

আরও একটি অধ্যায় বাকি। ৬-৯ মার্চ পার্থে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন হিলি। তবে রঙিন পোশাকে তার শেষ উপস্থিতি হয়ে রইল চোখধাঁধানো এক স্মৃতি।

এখনই কেন বিদায়?—ভক্তদের এই আক্ষেপই বুঝিয়ে দেয়, কতটা উজ্জ্বল ছিল তার পথচলা। একজন অ্যালিসা হিলিকে মনে রাখতেই হবে—নারী ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনিই অন্যতম অগ্রপথিক।

Share via
Copy link