নিজেকে ফিরে পেতে উডের শরনাপন্ন হৃদয়!

তাই তো উডের ক্লাসে স্ট্রাইক রেট বাড়াতে বাড়তি মনোযোগ দিচ্ছেন হৃদয়। এশিয়া কাপের আগে এই জায়গাটা শুধরে নিতে না পারলে বেশ বিপাকেই পড়তে হবে তাঁকে।

দেয়ালে পিঠ ঠেকে গেছে। আত্মবিশ্বাসে মরচে ধরেছে। সতীর্থর কাছে ব্যাটিংয়ের পজিশন হারিয়েছেন। তাওহীদ হৃদয় তাই সেখানেই সময় দিচ্ছেন যেখানে তাঁকে সবচেয়ে বেশি মানায়। বাইশ গজে নিজের সাথেই লড়ছেন বাংলাদেশ ক্রিকেটের স্টার বয়।

সাম্প্রতিক সময়ে রান পাচ্ছেন, কিন্তু টি-টোয়েন্টিতে তার ব্যাটিং নিয়ে প্রশ্ন থামছেই না। বিশেষ করে ধীর স্ট্রাইক রেট হয়ে উঠেছে দলের জন্য অস্বস্তির কারণ।

এই সংকট থেকে বেরোতেই হৃদয়ের ভরসা জুলিয়ান উড। পাওয়ার হিটিংয়ের এই বিশেষজ্ঞ ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে স্বল্প মেয়াদী চুক্তিতে। আর তার শেষ দিনটা তিনি উজার করে দিলেন এক তরুণ ব্যাটারের।

হৃদয়ের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করলেন উড। শট নির্বাচন, ফলো থ্রু, হিটিং জোন—সবকিছু নিয়েই দিলেন পরামর্শ। তারপর সরাসরি নেটে নামলেন দু’জন। একের পর এক থ্রো ডাউন করছেন উড, আর ব্যাট হাতে সেগুলোকে ঝালিয়ে নিচ্ছেন হৃদয়। কখনও ভুল হলে সাথে সাথেই থামিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন। আর সেই ভুল শুধরে নিতেই পুনরায় ব্যাট চালালেন হৃদয়।

এ যেন গুরু-শিষ্যের এক নিবিড় পাঠশালা। তবে এখানে বাজি ছিল আরও বড়—বাংলাদেশের টপ অর্ডারে নিজের জায়গা ধরে রাখার লড়াই।

২০২৫ সালে এখন পর্যন্ত ১৩ টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন হৃদয়। রান করেছেন ২১৬, গড় ২১.৬০। বড় সমস্যা তার ১১৪.২৮ স্ট্রাইক রেট, যা এ বছরে ১০ ম্যাচের বেশি খেলা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বনিম্ন। ওপেনিংয়ে ভালো সূচনা এলেও সেটিকে বড় করতে পারছেন না, বরং দল আটকে যাচ্ছে মাঝপথে। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচেই ব্যাটিং পজিশন হারাতে হয়েছিল সাইফ হাসানের কাছে।

তাওহীদ হৃদয়ের প্রতিভা নিয়ে সংশয় নেই কারও। জাতীয় দলে আসার আগেই বয়সভিত্তিক পর্যায়ে ছিলেন রান মেশিন। টেকনিক্যালি সাউন্ড, ধীরস্থির এবং বড় ম্যাচে সাহসী। কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রয়োজন অন্য কিছু—গতি, তীক্ষ্ণতা আর পাওয়ার হিটিং। সেই জায়গাতেই বারবার পিছিয়ে যাচ্ছেন তিনি।

তাই এশিয়া কাপের আগে হৃদয়ের সামনে একমাত্র লক্ষ্য—স্ট্রাইক রেটে উন্নতি আনা। আর সেখানেই শেষ দিনে এসে জুলিয়ান উড দিলেন শেষ নি:শ্বাস পর্যন্ত চেষ্টা।

হৃদয় যদি এই ক্লাসের ফল ব্যাটে মেলে ধরতে পারেন, তবে শুধু তিনি নয়, উপকৃত হবে গোটা বাংলাদেশ দল। কারণ টপ অর্ডারে তার ব্যাট ঝলসে উঠলে চেহারাই বদলে যাবে লাল-সবুজের ব্যাটিংয়ের। শেষ দিনে গুরু উডের নিবেদন আর শিষ্য হৃদয়ের একাগ্রতা—এখান থেকেই হয়তো বের হয়ে আসবে নতুন এক গল্পের সূচনা।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link