তারুণ্যের জয়গানের মঞ্চ হিসেবে বারবার সামনে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। দেখতে দেখতে ১৮ তম আসরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমকালো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট।
এবারের আয়োজনেও তরুণ ক্রিকেটাররা নিজেদের মেলে ধরতে মুখিয়ে আছেন। সংখ্যাটা অনেক হলেও, আলো কাড়তে পারেন এমন কয়েকজন তরুণকে নিয়ে আলাপ হতেই পারে।
- বৈভব সুরিয়াভানশি (রাজস্থান রয়্যালস)

১৩ বছরের ছোকড়া বৈভব রীতিমত হৈচৈ ফেলে দিয়েছিলেন ক্রিকেট দুনিয়ায়। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে সুযোগ পেয়েছেন তিনি। ইতোমধ্যেই আগ্রাসী ব্যাটিংয়ের জন্যে তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে ভারতের ক্রিকেট পাড়ায়। বয়স বিবেচনায় সুযোগ হয়ত কম পাবেন- কিন্তু যখনই সুযোগ পাবেন তার দিকে বাড়তি নজর থাকবে দর্শকদের।
- আনশুল কাম্বোজ (চেন্নাই সুপার কিংস)

৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার পেস বোলিং অলরাউন্ডার আনশুল কাম্বোজ। নতুন বলে সুইং আদায় করতে জানেন ২৪ বছর বয়সী এই বোলার। আনশুল কাম্বোজকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে। মাত্র ২০ লাখ রুপি ভিত্তিমূল্য ছিল কাম্বোজের। সেখান থেকে ৩.৪০ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। তিনিও যেকোন মুহূর্তে নিজের দিকে কেড়ে নিতে পারে সকল আলো।
- সামির রিজভি (দিল্লি ক্যাপিটালস)

দ্রুত রান তোলার দক্ষতার জন্যে বেশ প্রসিদ্ধ সামির রিজভি। দিল্লি ক্যাপিটালসের জয়ের অন্যতম কারিগর হতে পারেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার। উত্তর প্রদেশ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১৮৮ স্ট্রাইকরেটে ব্যাটিং করার নজির গড়েছেন তিনি। ঠিক সে কারণেই তাকে দলে ভিড়িয়েছেন দিল্লি।
- আন্দ্রে সিদ্ধার্থ (চেন্নাই সুপার কিংস)

ভারতীয় কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আন্দ্রে সিদ্ধার্থের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। তামিল নাড়ু প্রিমিয়ার লিগে ধারাবাহিকভাবে অনবদ্য পারফরমেন্স করে চেন্নাই সুপার কিংসের নজরে আসেন তিনি। আর এরপরই আইপিএলের অন্যতম সফল দলে জায়গা হয়ে গেছে তার। মহেন্দ্র সিং ধোনির মেন্টরশিপে তিনি নিশ্চয়ই আগামী দিনের কাণ্ডারি হয়ে উঠবেন। বয়সটা যে স্রেফ ১৮ বছর।
- রবিন মিঞ্জ (মুম্বাই ইন্ডিয়ান্স)

রবিন মিঞ্জের উপর একটা গুরুদায়িত্ব রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের মত দলের হয়ে উইকেটরক্ষণের পাশাপাশি ব্যাটটাও চালাতে হবে। অবশ্য আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্যে এমনেই প্রসিদ্ধ তিনি। ২২ বছরের তরুণ ব্যাটার, ঈশান কিষাণের শূন্যস্থান পূরণ করতে হবে তাকে। মাত্র ৬৫ লাখ রুপির বিনিময়ে রবিনকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রত্যাশা পূরণ কতটুকু করতে পারবেন রবিন, সেটা সময় গড়ালেই জানা যাবে।
- মুশির খান (পাঞ্জাব কিংস)

২০ বছর বয়সী মুশির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়ে নজর কেড়েছেন। ডানহাতে ব্যাট করেন তিনি। আবার বল করেন বা-হাতে। যদিও এখনও তিনি সেই অর্থে নিজেকে প্রমাণ করতে পারেননি টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে দারুণ সম্ভাবনাময় ক্রিকেটার তিনি। পাঞ্জাব কিংসের জন্যে ভাল ‘অ্যাসেট’ হতে চলেছেন তিনি।











