দাপট দেখিয়ে ওমানকে হারিয়েছে জিম্বাবুয়ে

দাপুটে এই জয়ের ধারাবাহিকতা নিশ্চয়ই অব্যাহত রাখতে চাইবে জিম্বাবুয়ে। বড় দলগুলোর বিপক্ষে লড়াই করবার মানসিক রসদ অন্তত হতে পারে ওমানের বিপক্ষের এই ম্যাচটি।

সহজ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে সিকান্দার রাজার জিম্বাবুয়ে। ওমানকে হারিয়ে তারা তুলে দাপুটে বিজয়। ৩৯ বল হাতে রেখে আট উইকেটের বড় পরাজয়ে বিধ্বস্ত ওমান। জিম্বাবুয়ের সামনে সেই অর্থে প্রতিরোধই গড়তে পারেনি মধ্যপ্রাচ্যের প্রতিনিধিরা।

জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ের নিমন্ত্রণ জানায় ওমানকে। যতীন্দ্রর সিংয়ের উইকেট উপড়ে ফেলে ওমানকে বিধ্বস্ত করার মিশন শুরু করেন ব্লেসিং মুজারাবানি। ২৭ রান তুলতেই দলটির পাঁচজন ব্যাটার ফিরে যান প্যাভিলিয়নে। সুফিয়ান মেহমুদ ও বিনায়ক শুকলা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। যদিও তা হয়নি দীর্ঘস্থায়ী।

 

সুফিয়ানের ২৫, বিনায়কের ২৮ রানের পাশাপাশি নাদিম খানের ২০ রানের কল্যাণে বহু কষ্টে ১০০ রানের গণ্ডি ছাড়ায় ওমান। মুজারাবানি ছাড়াও, রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স তিনটি করে উইকেট তুলে নিলে ১০৩ রানেই অলআউট হয় ওমান

এত স্বল্প টার্গেট জিম্বাবুয়ের জন্য মোটেও দুশ্চিন্তার ছিল না। সেটা আট উইকেটের জয়ই প্রমাণ করে দেয়। ব্রায়ান বেনেট ৪৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেছেন। তার সাথে লম্বা একটা জুটি গড়েছিলেন ব্রেন্ডন টেইলর। দুইজনের ৬৮ রানের যুগলবন্দীতেই জিম্বাবুয়ের জয়ভাগ্য লেখা হয়ে যায়।

কাভার অঞ্চল দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের সমাপ্তি রেখা টেনে দেন সিকান্দার রাজা। দাপুটে এই জয়ের ধারাবাহিকতা নিশ্চয়ই অব্যাহত রাখতে চাইবে জিম্বাবুয়ে। বড় দলগুলোর বিপক্ষে লড়াই করবার মানসিক রসদ অন্তত হতে পারে ওমানের বিপক্ষের এই ম্যাচটি।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link