ফাইনালের পরাজয়ই নিউজিল্যান্ডের নিয়তি

হাসতে দেখো, গাইতে দেখো, দেখো না কেউ হাসি শেষের নিরবতা। নিউজিল্যান্ডের শেষের গানে বা কবিতায় আছে কেবলই বিষন্নতা। হেসে-খেলে, প্রতিপক্ষের ঘাম ছুটিয়ে ফাইনালে উঠে যায় ব্ল্যাক্যাপসরা। কিন্তু শেষের হিসেবটা আর মেলাতে পারে না। গেল ১৪ বছরে পাঁচটি বৈশ্বিক আসরের ফাইনাল হেরেছে নিউজিল্যান্ড।

শুরুটা ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে। সর্বশেষ সংযোজন সেই চ্যাম্পিয়ন্স ট্রফির পরাজয়। সেঞ্চুরিয়ন থেকে দুবাই, বদলায়নি কিছুই। কখনো অস্ট্রেলিয়া, কখনো ভারত, কখনো আবার ইংল্যান্ড। দলটার শিরোপা খরা কাটে না কোনদিন। বৃষ্টির মাঝেই যেন প্রতিপক্ষ এক বিশাল বিস্তৃত ছাতা খুলে বসে, আটকে দেয় নিউজিল্যান্ডের আকাঙ্ক্ষিত বৃষ্টির জল।

এর মধ্যে অস্ট্রেলিয়ার কাছেই তিনবার ফাইনাল হেরেছে দলটি। একটি চ্যাম্পিয়ন্স ট্রফি, একটি ওয়ানডে বিশ্বকাপের সাথে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। মহাদেশীয় প্রতিবেশিরা তাদের পথের কাঁটা হয়েছে বারংবার। ২০০৯ সালে ছয় উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার মাথায় উঠেছিল শ্রেষ্ঠত্বের মুকুট।

একই ঘটনার মঞ্চায়ন ২০১৫ সালে। এবারও চ্যাম্পিয়ন অজিরা, ব্যবধান বেড়ে সাত উইকেট। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপটায় ব্যবধান বেড়েছে আরও খানিকটা। নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া করেছিল শিরোপা উৎসব।

মাঝে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে দুর্ভাগ্যের বলি হয়ে শিরোপা বঞ্চিত হয়েছিল ব্ল্যাক্যাপসরা। সুপার ওভারেও সমতায় থাকা দলটা হেরেছিল সেবার বাউন্ডারির হিসেবে। সেবারের বাউন্ডারি ব্যবধান ছিল মাত্র দশটি বাউন্ডারির। সেদিন আগ্রাসী হতে না পারার আক্ষেপে পুড়েছিল কিউই শিবির।

সর্বশেষ সংযোজনেও ফাইনালটা জমিয়ে তুলেছিল নিউজিল্যান্ড। কিন্তু এবারও অজেয় ভারতের সামনে কিউইরা ছিল অসহায়। তাদেরকে আবারও বরণ করে নিতে হয়েছে পরাজয় ভাগ্য। শিরোপার একহাত দূরে এতবার কি কখনো থেমেছে কেউ? কবে মিটবে নিউজিল্যান্ডের আকাঙ্ক্ষা? নিষ্ঠুর সময় আর ভাগ্য কি কখনোই তাদের হবে না?

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link