প্রধান নির্বাচক হিসেবে আর থাকতে চান না লিপু

তবে আপদকালীন সময়ে বিসিবি চাইলে তাকে স্বল্প সময়ের জন্য যেকোন দায়িত্ব দিতে যেন পারে সে পথ খোলা রেখেছেন লিপু।

প্রধান নির্বাচক পদে আর থাকতে চান না গাজী আশরাফ হোসেন লিপু। পারিবারিক কারণ দেখিয়ে নতুন কোন চুক্তিতে জড়াতে চাননা তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর চিঠিতে তিনি নিজের ইচ্ছের কথা ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন।

দুই বছর আগে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলে আসে বড় ধরণের রদবদল। গাজী আশরাফ হোসেন লিপুকে প্রধান করে গঠিত হয় নতুন নির্বাচক প্যানেল। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে তিনি দায়িত্ব নেন। এরপর থেকেই কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।

বাংলাদেশ জাতীয় দলে চলছে ট্রাঞ্জিশন পিরিয়ড। দল এখন রয়েছে এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে। এমন কঠিন সময়ে দল গঠনের গুরুদায়িত্ব কাঁধে নিয়েছিলেন লিপু। স্বাভাবিকভাবেই তাকে সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে বহুবার। তাইতো এখন আর নতুন করে মেয়াদ বাড়ানোর ইচ্ছে নেই তার।

বিসিবি অবশ্য করেছিল ভিন্ন পরিকল্পনা। গাজী আশরাফ হোসেন লিপুকে আরও বড় পরিসরে এবং দীর্ঘমেয়াদে দায়িত্ব দিতে চেয়েছিল বিসিবি। কিন্তু সেই প্রস্তাবে নাকোচ করে দিয়েছিলেন তিনি। চলতি বছরে বেশ কয়েক সপ্তাহ তাকে পারিবারিক কাজে থাকতে হবে দেশের বাইরে।

সেই ব্যস্ততা বেড়ে যাবে আগামী বছরে। আর এই বছরটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়ার মিশনে কঠিন সময় পার করতে হবে টাইগার ক্রিকেটারদের ও ক্রিকেট সংশ্লিষ্ট সকলকে। ঠিক সে কারণেই তিনি দীর্ঘমেয়াদে দায়িত্ব নিতে চান না। তবে আপদকালীন সময়ে বিসিবি চাইলে তাকে স্বল্প সময়ের জন্য যেকোন দায়িত্ব দিতে যেন পারে সে পথ খোলা রেখেছেন লিপু।

Share via
Copy link