বিশ্বকাপজয়ী অধিনায়কদের ক্ষেত্রে ইদানিংকালে ভারতীয় ক্রিকেট বোর্ডের নীতি ঠিক সম্মানজনক নয়। এবার রোহিত শর্মার মত ঠিক একই পথে হাঁটতে হতে পারে হারমানপ্রীত কৌরকে। তাঁর নেতৃত্বের দায়িত্বও কেড়ে নেওয়ার দাবি উঠেছে।
বিশ্বকাপ জয়ের আনন্দের মধ্যেই ভারতের নারী দলের অধিনায়ক হারমনপ্রীত কৌরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক শান্তা রঙ্গস্বামী। তাঁর মতে, যেমনভাবে পুরুষ দলের রোহিত শর্মাকে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তেমনি হারমানপ্রীতকেও এখন দায়িত্ব থেকে সরানো উচিত।
মুম্বাইয়ের ড. ডি ওয়াই পাাতল স্টেডিয়ামে অনুষ্ঠিত আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ ফাইনালে হারমানপ্রীতের নেতৃত্বে ভারত ৫২ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে। এই ঐতিহাসিক জয়ের পর বিসিসিআই ঘোষণা করেছে ৫১ কোটি টাকার পুরস্কার।

তবুও শান্তা রঙ্গস্বামীর মতে, হারমানপ্রীত এখন অধিনায়কত্বের চাপ ছাড়া খেললে আরও ভালো করতে পারবেন। তিনি বলেন, ‘হারমান ব্যাটার ও ফিল্ডার হিসেবে দারুণ, কিন্তু কৌশলগতভাবে মাঝে মাঝে ভুল করেন। আমি মনে করি, অধিনায়কত্বের ভার ছাড়া সে আরও বেশি অবদান রাখতে পারবে। এখন বললে হয়তো সবাই খারাপভাবে নেবে, কিন্তু ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য এটা দরকার।’
তিনি আরও বলেন, ‘রোহিতের মতো হরমনকেও একইভাবে দায়িত্ব থেকে সরানো উচিত। আর নতুন অধিনায়ক হিসেবে স্মৃতি মান্ধানাই সবচেয়ে উপযুক্ত। তার সামনে এখনও তিন-চার বছর বড় মঞ্চে খেলার সুযোগ আছে। এখন থেকেই তাকে অধিনায়ক করলে ভবিষ্যতের বিশ্বকাপগুলোর জন্য দল তৈরি করা সহজ হবে।’
ভারতের নারী দলের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে রঙ্গস্বামী জানান, ব্যাটিং এখন ভালো অবস্থায় আছে, কিন্তু বোলিং ও ফিল্ডিংয়ে উন্নতি দরকার। তাঁর ভাষায়, ‘আমাদের সময়ে ব্যাটিং ছিল দুর্বল দিক, এখন সেটা বদলে গেছে। কিন্তু এখন বোলিং উদ্বেগের জায়গা। ফিল্ডিংয়েও আরও মনোযোগ দিতে হবে।’

ভারতের ঐতিহাসিক সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া হেরেছে কারণ তাদের ভালো বোলার ছিল না। বরং পাকিস্তান ও বাংলাদেশের বোলিং আক্রমণ আরও শক্তিশালী ছিল।’
সবশেষে শান্তা রঙ্গস্বামী বলেন, এই বিশ্বকাপ জয় ভারতের নারী ক্রিকেটে নতুন যুগের সূচনা করেছে, ‘এই সাফল্য হাজারো মেয়েকে ক্রিকেটে আসার অনুপ্রেরণা দেবে। আগামী দশ বছরে এর প্রভাব আরও বড় আকারে দেখা যাবে।’ অথচ যার হাত ধরে এই সাফল্য সেই হারমানপ্রীতকেই অস্বীকার করছেন রঙ্গস্বামী!










