সপ্তম আকাশে মুস্তাফিজ

গত এক বছরে বল হাতে যে নির্ভরতার গল্পটা লিখে চলেছেন মুস্তাফিজুর রহমান, তারই স্বীকৃতি মিলল। নীরবে, কোনো বাড়তি হইচই ছাড়াই আরও এক ধাপ এগিয়ে গেলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। বিশ্বের সেরা বোলারদের ভিড়ে নিজের জায়গাটা যেন আরও একটু শক্ত করে নিলেন ‘কাটার মাস্টার’।

তাঁর ইস্যুতে বিশ্ব সরগরম, অথচ সেই মুস্তাফিজুর রহমান ভাবলেশহীন ভঙ্গীতেই আরেকটু ওপরে উঠলেন। আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ের সাত নম্বরে উঠে এলেন তিনি। আইপিএলে অংশগ্রহণ যেমন তাঁর জন্য নিরাপদ নয়, তেমনি বিশ্বের কোনো ব্যাটারই তাঁর সামনে নিরাপদ নন।

গত এক বছরে বল হাতে যে নির্ভরতার গল্পটা লিখে চলেছেন মুস্তাফিজুর রহমান, তারই স্বীকৃতি মিলল। নীরবে, কোনো বাড়তি হইচই ছাড়াই আরও এক ধাপ এগিয়ে গেলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। বিশ্বের সেরা বোলারদের ভিড়ে নিজের জায়গাটা যেন আরও একটু শক্ত করে নিলেন ‘কাটার মাস্টার’।

আগেই ছিলেন সেরা দশের নিয়মিত সদস্য। এবার অষ্টম থেকে উঠে এলেন সপ্তম স্থানে। নতুন র‍্যাংকিংয়ে মুস্তাফিজের পয়েন্ট এখন ৬৬৫। সংখ্যাটা যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ এই জায়গায় টিকে থাকার ধারাবাহিকতা। ফিজের বোলিং মানেই এখনো প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য অস্বস্তি, বিশেষ করে টি-টোয়েন্টির ছোট ফরম্যাটে।

শীর্ষ দশে অবশ্য শুধু মুস্তাফিজ নন, আরও কয়েকজন বোলারের অবস্থানেও এসেছে চোখে পড়ার মতো পরিবর্তন। সবচেয়ে বড় লাফ দিয়েছেন আফগানিস্তানের অফস্পিনার মুজিব উর রহমান। এক ঝটকায় পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন নবম স্থানে। তাঁর ঝুলিতে এখন ৬৫৬ রেটিং পয়েন্ট। পাকিস্তানের তরুণ স্পিনার আবরার আহমেদও এক ধাপ এগিয়ে উঠে এসেছেন পাঁচ নম্বরে, তাঁর পয়েন্ট ৬৯১। অস্ট্রেলিয়ার নাথান এলিসও পিছিয়ে নেই, নবম থেকে উঠে এখন অষ্টম স্থানে।

তবে শীর্ষ চারে কোনো পরিবর্তন হয়নি। ভারতের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী আগের মতোই শীর্ষে, ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখনো এক নম্বর। তাঁর ঠিক পেছনেই আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান, যার পয়েন্ট ৭৩৭। তিন নম্বরে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, ৭০২ পয়েন্ট নিয়ে। আর চার নম্বর অবস্থানটি ধরে রেখেছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি।

Share via
Copy link