মুজারাবানির বিরুদ্ধে মামলা করবে পিসিবি!

বিপাকে পড়ে গেলেন ব্লেসিং মুজারাবানি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার আগেই হয়ত আদালত প্রাঙ্গনে যেতে হতে পারে তাকে।

বিপাকে পড়ে গেলেন ব্লেসিং মুজারাবানি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার আগেই হয়ত আদালত প্রাঙ্গনে যেতে হতে পারে তাকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইনী লড়াইয়ে নামতে চলেছে মুজারাবানির বিপক্ষে। পাকিস্তান সুপার লিগকে উপেক্ষা করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলার সিদ্ধান্ত নেওয়ায় ক্ষেপে গেছে পিসিবি।

মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে কলকাতা নাইট রাইডার্স মুজারাবানিকে দলে নেওয়ার ঘোষণা দেয়। অথচ আগে থেকেই তিনি পাকিস্তান সুপার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেডের সাথে চুক্তিবদ্ধ ছিলেন। এক কোটি দশ লাখ পাকিস্তানি রুপির বিনিময়ে তাকে দলে ভেড়ায় ইসলামাবাদ। মূলত ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যামার জোসেফের বদলি হিসেবেই সুযোগটা পেয়েছিলেন মুজারাবানি।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরমেন্সের পর মুজারাবানির ডাক আসে আইপিএল থেকে। কলকাতার শূন্যস্থান পূরণের লোভনীয় প্রস্তাব নাকোচ করতে পারেননি মুজারাবানি। যার কারণে তিনি পিএসএলকে উপেক্ষা করে আইপিএল খেলার সিদ্ধান্ত নেন। তবে এতে করে মুজারাবানি পিএসএলের চুক্তি ভঙ্গের অপরাধ করেছেন বলেই জানিয়েছে পিসিবি।

এ কারণেই আইনী লড়াইয়ে নামার হুঙ্কার দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মুজারাবানিকে ঘিরে এমন উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে মূলত সময়ের কারণে। প্রথমত, চলতি বছর থেকে ভারতের আইপিএল ও পাকিস্তানের পিএসএল অনুষ্ঠিত হতে চলেছে প্রায় একই সময়ে।

২৬ মার্চ শুরু হবে পিএসএল, ২৮ মার্চ যাত্রা শুরু করবে আইপিএল। একই সময়ে দুই চিরপ্রতিদ্বন্দী দেশের দুই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হচ্ছে। খেলোয়াড় প্রাপ্যতার অপ্রতুলতা দেখা দিয়েছে স্বাভাবিকভাবেই। এমন পরিস্থিতিতে একেবারে শেষ মুহূর্তে একজন খেলোয়াড়ের বেঁকে বসা যেকোন ফ্রাঞ্চাইজির জন্য প্রতিকূল পরিস্থিতির সৃষ্টির করে। সে কারণেই মূলত পিসিবি বেজায় চটেছে মুজারাবানির উপরে।

Share via
Copy link