পাকিস্তান নাকি দক্ষিণ আফ্রিকা?

আলোর চেয়েও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে কয়েকটি নাম। মিরপুর শেরে বাংলার বাতাসে এখন একটাই গুঞ্জন একটাই প্রশ্ন, বাংলাদেশের পরবর্তী ব্যাটিং কোচ হচ্ছেন কে? রথী-মহারথী থেকে শুরু করে অপেক্ষাকৃত অপরিচিত, তালিকায় আছেন নানা ঘরানার কোচ। তবে সবচেয়ে বেশি আলোচনায় দুই কিংবদন্তি। একজন পাকিস্তানের, অন্যজন দক্ষিণ আফ্রিকার। মোহাম্মদ ইউসুফ ও হাশিম আমলা।

আলোর চেয়েও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে কয়েকটি নাম। মিরপুর শেরে বাংলার বাতাসে এখন একটাই গুঞ্জন একটাই প্রশ্ন, বাংলাদেশের পরবর্তী ব্যাটিং কোচ হচ্ছেন কে? রথী-মহারথী থেকে শুরু করে অপেক্ষাকৃত অপরিচিত, তালিকায় আছেন নানা ঘরানার কোচ। তবে সবচেয়ে বেশি আলোচনায় দুই কিংবদন্তি। একজন পাকিস্তানের, অন্যজন দক্ষিণ আফ্রিকার। মোহাম্মদ ইউসুফ ও হাশিম আমলা।

দুজনের সঙ্গে বিসিবির আলোচনা অবশ্য চলছে দুই ভিন্ন পথে। পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফের চাওয়া পরিষ্কার। সিরিজ ধরে কিংবা স্বল্পমেয়াদি চুক্তিতে কাজ করতে রাজি নন তিনি। দায়িত্ব নিতে হলে অন্তত ছয় মাসের জন্য নিতে হবে। বিসিবির অন্দরমহল থেকে পাওয়া তথ্য বলছে, ইউসুফের সঙ্গে আলোচনায় এই শর্তটাই বড় বিবেচনার বিষয়।

অন্যদিকে, হাশিম আমলাকে পেতে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে না বাংলাদেশকে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেই দলের সঙ্গে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন সাবেক এই প্রোটিয়া ব্যাটার। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর কোচিংয়ে মনোযোগী হয়েছেন আমলা। কাজ করছেন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেও।

দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাটারদের পারফরম্যান্সই হতে পারে আমলাকে নিয়ে বিসিবির পরবর্তী সিদ্ধান্তের বড় মাপকাঠি। তাঁর কাজ সন্তুষ্ট করতে পারলে বাড়তে পারে চুক্তির মেয়াদ। অর্থাৎ, আপাতত পরীক্ষার মঞ্চ দক্ষিণ আফ্রিকা সফর, আর ফলাফলের দিকে তাকিয়ে বিসিবি।

এই দৌড়ে আমলার সাবেক সতীর্থ এবি ডি ভিলিয়ার্সের নামও একসময় বেশ জোরেশোরে শোনা গিয়েছিল। তবে সেই গুঞ্জনের পক্ষে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য মেলেনি। কিন্তু চমক এখানেই শেষ নয়। আলোচনায় আছেন দক্ষিণ আফ্রিকার আরও দুই কোচ, যাঁদের নাম শুনে অনেকেই হয়তো একটু থমকে যাবেন।

প্রথমজন রিভাশ গোভিন্দ। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে খেলেছেন, দীর্ঘ সময় কাজ করেছেন দেশটির বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে। ৪৪ বছর বয়সী এই কোচের অভিজ্ঞতার ঝুলিতে আছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও আফগানিস্তান দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও। পরিচিত তারকাদের ভিড়ে তাই গোভিন্দের নামটিও হয়ে উঠেছে আলোচনার অন্য রকম এক সংযোজন।

দ্বিতীয়জন ডেল বেঙ্কেনস্টাইন। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৩টি ওয়ানডে খেলা সাবেক এই ডানহাতি ব্যাটারের কোচিং ক্যারিয়ারের বড় অংশ কেটেছে ইংলিশ কাউন্টি ক্রিকেটে। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছিলেন হ্যাম্পশায়ারের প্রধান কোচ। পরে ল্যাঙ্কাশায়ারে ব্যাটিং কোচ হিসেবে যোগ দেন। ২০২৩ সালে দায়িত্ব পান দলটির প্রধান কোচের। খেলোয়াড়ি জীবনে ডারহামের অধিনায়কত্বও করেছেন। সম্প্রতি সেই ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করেছেন তিনি।

নাম আসছে একের পর এক। আলোচনা চলছে, সম্ভাবনা যাচাই হচ্ছে, সামনে আসছে নানা সমীকরণ। কিন্তু এত কিছুর মধ্যেও একটি বিষয় আপাতত পরিষ্কার, দ্রুতই নতুন ব্যাটিং কোচ নিয়োগের পথে হাঁটছে না বিসিবি। দক্ষিণ আফ্রিকা সফর শেষ হওয়ার পরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তত দিন পর্যন্ত মিরপুরের বাতাসে গুঞ্জন চলবেই।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link