গোলের সমাধান মিলবে এবার!

আসিয়ান কাপের ব্যর্থতার বিষাদ পেরিয়ে নভেম্বরেই নতুন আখ্যান রচনার অপেক্ষায় বাংলাদেশ। রোনান সুলিভান কিংবা মাহী খান! একাদশে জায়গা হবে একজনেরই, আর সেই দৌড়ে নিঃসন্দেহে এগিয়ে রোনান। তবে প্রাপ্তির জায়গাটা অন্যখানে। দীর্ঘ গোলখরা ঘোচাতে অবশেষে দুই তরুণ নাম্বার নাইনকে ঘিরে আশার প্রদীপ জ্বলছে। আগামী কয়েক বছরের আক্রমণভাগের নির্ভরতার প্রতীক হয়ে ওঠার হাতছানি যে দুজনের সামনেই!

একটা শূন্যস্থান, যার সমাধান খুঁজছে বাংলাদেশ ফুটবল বহু বছর ধরে। গোলের সামনে গিয়ে বারবার থমকে যাওয়া, সহজ সুযোগ হাতছাড়া, আর ভক্ত-সমর্থকদের মনে জমে থাকা দীর্ঘশ্বাস। কিন্তু এবার কি বদলাতে যাচ্ছে গল্পটা? পর্দার আড়াল থেকে উঠে আসছে দুটি নাম, রোনান সুলিভান ও মোহাম্মদ মাহী খান।

একজনের পায়ে যুব দলে অভিষেকেই জোড়া গোল, অন্যজনের ক্লাব ফুটবলে সাত ম্যাচে নয় গোল। দুজনই প্রথমবার জায়গা পেয়েছেন বাংলাদেশের সিনিয়র জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে। তাহলে কি বহুদিনের সেই গোল রহস্যের উত্তর লুকিয়ে আছে এই দুই তরুণের পায়েই?

রোনানের সামর্থ্যের ঝলক দেখা গেছে বয়সভিত্তিক ফুটবলে। ২০২৬ সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে অভিষেকেই জোড়া গোল, ফাইনালে ভারতের বিপক্ষে পেনাল্টিতে পানেনকা। চাপের মুহূর্তে আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছেন তিনি। তবে সিনিয়র পর্যায়ে তার সামনে বড় চ্যালেঞ্জ হবে শক্তিশালী ডিফেন্ডারদের বিপক্ষে একই ধারাবাহিকতা ধরে রাখা।

অন্যদিকে, ১৮ বছর বয়সী মাহী ইংল্যান্ডের মল্টন এফসির হয়ে ২০২৬-২৭ মৌসুমে সাত ম্যাচে করেছেন নয় গোল। একজন স্ট্রাইকারের জন্য এমন পরিসংখ্যান অবশ্যই আশাব্যঞ্জক। তবে ক্লাব ফুটবলের পারফরম্যান্স জাতীয় দলের হয়ে কতটা কাজে লাগবে, সেটিই এখন দেখার বিষয়।

আসিয়ান কাপের ব্যর্থতার বিষাদ পেরিয়ে নভেম্বরেই নতুন আখ্যান রচনার অপেক্ষায় বাংলাদেশ। রোনান সুলিভান কিংবা মাহী খান! একাদশে জায়গা হবে একজনেরই, আর সেই দৌড়ে নিঃসন্দেহে এগিয়ে রোনান। তবে প্রাপ্তির জায়গাটা অন্যখানে। দীর্ঘ গোলখরা ঘোচাতে অবশেষে দুই তরুণ নাম্বার নাইনকে ঘিরে আশার প্রদীপ জ্বলছে। আগামী কয়েক বছরের আক্রমণভাগের নির্ভরতার প্রতীক হয়ে ওঠার হাতছানি যে দুজনের সামনেই!

হামজা-শমিতের মাঝমাঠ থেকে সৃজনশীল পাস, ফারহান বা শুকির বাঁ প্রান্ত কিংবা রাকিবের ডান প্রান্ত থেকে আসা সাপ্লাই, সবকিছুর যথাযথ সদ্ব্যবহার করে এই তরুণেরা কতটা গোলমুখী হতে পারেন, সেটাই দেখার অপেক্ষা।

সম্ভাবনার বীজ বোনা হয়েছে, এবার পালা গোলের ফুল ফোটানোর। নভেম্বর কি তবে বাংলাদেশের গোল-আখ্যানের নতুন অধ্যায়ের সূচনা করবে? উত্তরটা সময়ের হাতে, আর প্রত্যাশার সমস্তটুকু ওই দুই তরুণের পায়ের কাছে।

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link