৩০০ রানের উইকেটে ২৪৬ রানেই থামল ইংল্যান্ড। এর পেছনের কারণ শাহীন শাহ আফ্রিদি। ভিনটেজ শাহীন শাহ আফ্রিদি। যখনই উইকেট দরকার, তখনই শাহিনকে ডাকো। এই উক্তি যেন হারিয়ে যেতে বসেছিল। অবশেষে শাহীন বুঝিয়ে দিলেন, এখনও হারায়নি পুরনো তেজ।
শাহীনের সবচেয়ে বড় শক্তি, উইকেট লাগলেই এনে দিতে পারেন। নতুন বলে ত্রাস ছড়িয়ে প্রতিপক্ষের কোমর ভাঙা থেকে শুরু, যখনই উঠে দাঁড়ানোর চেষ্টা করে, জুটি ভাঙার কাজটাও করেন তিনি। শুধু তাই নয়, ডেথ ওভারে ইনিংসের যবনিকা পতন তো তাঁর হাত ধরেই হয়।

তবে গত দুই বছরে নিজের ছায়া হয়ে ছিলেন শাহীন। নামের ভারেই চলেছেন, পারফরম্যান্সের বিচার করলে কোথাও ছিলেন না তিনি। ফিরে আসার জন্য টার্গেটটা তাই ইংল্যান্ডকেই বানালেন।
১১ রানেই দুই উইকেট হারায় ইংলিশরা। দুটোর মালিক তিনি। পরপর দুই ওভারেই শিকার করেছেন। সেই ধাক্কা সামলে যখন ঘুরে দাঁড়াচ্ছে ইংল্যান্ড। বেন ডাকেট আর স্যাম কারান তুলে ফেলেছেন ৯৩ রান, তখনই আরও একবার বল হাতে নিলেন শাহীন। মাঝের ওভারে এসে তুলে নিলেন কারানকে। জুটি ভাঙার সেই পুরোনো স্বভাবটা সামনে আনলেন।

পরের পর্ব ডেথ ওভারে। ইংল্যান্ডের শেষ ব্যাটারকে তুলে নিলেন। উইকেট সংখ্যা দাঁড়াল চার। ৮.৪ ওভারের কোটায় রান দিয়েছেন ৪৬। যখন যেখানে উইকেট দরকার হয়েছে, সেভাবেই তুলে নিয়েছেন। এত দিনের হারিয়ে যাওয়া আফ্রিদিকে ফিরে পাওয়ার নিদর্শন তো এটাই।










