‘দেশ সেরা ওপেনার’ – এই কথাটা নিয়ে দেশের ক্রিকেট মহলে অনেক রকম হাস্যরস হয়। অথচ, পরিসংখ্যান বলে একালে বিসিবি সভাপতি বনে যাওয়া তামিম ইকবাল আজও দেশের এক নম্বর ওপেনার।
মাত্র তৃতীয় ওপেনার হিসেবে টেস্টে তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন সাদমান ইসলাম। সমান তিনটি সেঞ্চুরি পেয়েছেন ইমরুল কায়েসও। এখানে তৃতীয় ব্যক্তি ওই তামিম ইকবাল, টেস্টে যার সেঞ্চুরির সংখ্যা ১০ টি।
এর বাদে কারও দু’টি সেঞ্চুরিও নেই। জাভেদ ওমর বেলিম, নাফিস ইকবাল, শাহরিয়ার নাফিস, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান কিংবা তানজিদ হাসান তামিমরা পেয়েছেন একটি করে সেঞ্চুরি। মানে বাকি সব ওপেনার মিলে সেঞ্চুরিই করেছেন ১২ টি।

টেস্টে তামিম ইকবালের চেয়ে বেশি সেঞ্চুরি পেয়েছেন কেবল দু’জন। মুশফিকুর রহিমের সেঞ্চুরি ১৪ টি ও মুমিনুল হক সৌরভের ১৩ টি। নয়টি সেঞ্চুরি নিয়ে তামিম ইকবালেই নিশ্বাস ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত।
টেস্টে তাও তামিমের ওপরে ভিন্ন পজিশনে দু’জন আছেন। ওয়ানডেতে তিনি সর্বেসর্বা। ১৪ টি সেঞ্চুরি নিয়ে সবার ওপরে আছেন তিনি। এখানে ১০ টি সেঞ্চুরিও অন্য কারও নেই। নয়টি করে সেঞ্চুরি আছে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের।
এখনকার ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ পাঁচটি ওয়ানডে সেঞ্চুরি আছে কেবল লিটন দাসের, শান্তর সেঞ্চুরি ৪ টি। চাইলে তাই, তামিম ইকবালকে দেশ সেরা ওপেনার তো বটেই, দেশ সেরা ব্যাটারও বলে দেওয়া যায়।











