সময় এখন সায়িম আইয়ুবের। ব্যাটে কিংবা বোলিংয়ে, অথবা ম্যাচের বাইরে সবজায়গাতেই তিনি এখন পাকিস্তানের ‘হিরো’। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইতিহাস গড়ার দিনেই পাকিস্তানের হয়ে কাঁপালেন কলম্বোর মাঠ।
নেদারল্যান্ডসের ইনিংসটা যখন পাকিস্তানের লাগামের বাইরে চলে যাচ্ছিল, তখনই দৃশ্যপটে আসলেন তিনি। এক ওভারেই নিলেন দুই উইকেট। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পাকিস্তানকে।
সিংহলিজ ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের ১৫০-এর নিচে আটকে যাওয়া নিশ্চিত হয় সেখান থেকেই। এরপর ব্যাট হাতে ওপেনিংয়ে নেমেও সায়িম ছিলেন অনন্য।

১৮৫ স্ট্রাইক রেটে ব্যাট চালান। খেলে যান ১৩ বলে ২৪ রানের ছোট্ট একটা ক্যামিও। চারটি চার আর একটি ছক্কায় সাজানো ইনিংসে ভর করেই রান তাড়ার লড়াইয়ে দারুণ একটা সূচনা পায় পাকিস্তান।
মাঠে নামার আগেই চমকপ্রদ খবর পান। পিএসএলের নতুন দল কিংসম্যান হায়দারাবাদ তাঁকে ১২ কোটি ছয় লাখ রুপিতে দলে নিয়েছে। পিএসএলের ইতিহাসে এখন তিনি সবচেয়ে দামি স্থানীয় ক্রিকেটার। ছাড়িয়ে গেছেন বাবর আজম কিংবা শাহীন শাহ আফ্রিদিদের।
ক’দিন আগেই আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। বিশ্বকাপের মঞ্চ শুরু করলেন অলরাউন্ড দাপট দেখিয়ে। সত্যিই সময় এখন পাকিস্তানের এই ২৩ বছর বয়সী বিস্ময়বালকের।











