নাথান এলিসের পেস আর অ্যাডাম জাম্পারের ঘূর্ণী জাদু গুঁড়িয়ে দিল আয়ারল্যান্ডের ব্যাটিং অর্ডার। অস্ট্রেলিয়ার দাপটের সামনে অসহায় আত্মসমর্পণ করল আইরিশরা। ৬৭ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল অজিরা।
এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত আসে অস্ট্রেলিয়ার থেকে। নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ ছিটকে পড়ায় দায়িত্ব কাঁধে ওঠে ট্রাভিস হেডের। তবে শুরুটা ভুলে যাওয়ার মতোই হলো তাঁর জন্য। দলীয় সাত রানের মাথায় রান আউটে কাটা পড়ে ফিরতে হলো সাজঘরে।

এরপর অবশ্য ঝড় তোলেন জশ ইংলিশ এবং ক্যামেরন গ্রিন। তবে হঠাৎ সে ঝড় থেমে যায়। নিয়মিত বিরতীতে উইকেট হারিয়ে কিছুটা বিপাকেই পড়ে প্রতাপশালী অস্ট্রেলিয়া। সেখান থেকেই হাল ধরেন মার্কাস স্টয়নিস। তাঁর ৪৫ রানের সুবাদে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে জমা পড়ে ১৮২ রান।
আয়ারল্যান্ডের জিততে হলে অবিশ্বাস্য কিছুই করতে হবে। চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে হবে অজিদের দাপুটে বোলিং লাইন-আপকে। তবে এসবের কোনো সুযোগ দেয়নি অস্ট্রেলিয়া। শুরুতেই আইরিশদের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেয় তারা।

বল হাতে নাথান এলিস ধারণ করেন রদ্রমূর্তী। ৩.৫ ওভার বল করে মাত্র ১২ রান খরচায় নেন চার উইকেট। সতীর্থ অ্যাডাম জাম্পাও যোগ দেন উইকেট তোলার উৎসবে। বোলিং কোটা পূর্ণ করে ২৩ রানের বিনিময়ে নেন চার উইকেট। তাতেই ১১৫ রানেই শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। অস্ট্রেলিয়া তুলে নেয় ৬৭ রানের বড় জয়।











