স্রোতের বিপরীতে শাই হোপের জলোচ্ছ্বাস

নবাগত ইতালির সামনে লজ্জার এক ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল দুই বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। সেই ধাক্কা সামলে নিয়েছে হোপের ব্যাট। 

একদিকে উইকেট যায়, আরেকদিক থেকে শাই হোপ আক্রমণ চালান। একেবারে দুই মেরুর দেখা মিলল কলকাতার ইডেন গার্ডেন্সের বাইশ গজে। ইতালির বিপক্ষে শাই হোপের ফিফটি যা একটু মান বাঁচিয়ে রেখেছিল ক্যারিবিয়ানদের।

ইতালির বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ রানের মাথায় প্যাভিলিয়নে ব্র্যান্ডন কিং। এরপর ৩১ রানের মাথায় নেই শিমরন হেটমায়ার। দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটারর দ্রুত ফেরায় বড় সংগ্রহ নিয়ে শঙ্কা জেগেছিল ক্যারিবিয়ান শিবিরে। কিন্তু কোন প্রকার দুশ্চিন্তাই যেন শাই হোপের খুলি ভেদ করে মস্তিষ্কে প্রবেশ করতে পারে না।

তাইতো উইকেট পতনেও বিচলিত না হয়ে শাই হোপ নিজের ব্যাট চালিয়েছেন নিজস্ব আগ্রাসনে। প্রথম দশ ওভারে, ওয়েস্ট ইন্ডিজ হাঁকিয়েছেন মোটে ৯টি বাউন্ডারি। যার আটটিই এসেছে শাই হোপের ব্যাট থেকে। তিনি এতটাই বিপরীতমুখী পারফরমেন্স করে যাচ্ছিলেন কলকাতার বুকে।

রস্টন চেজের সাথে ৬৪ রানের জুটি গড়ে প্রাথমিক সেই বিপর্যয় সামলে নেওয়ার চেষ্টা চালান শাই হোপ। সেই জুটিতে চেজ ছিলেন নিরব দর্শক। ২৫ বলে ২৪ রানের একটা অকার্যকর ইনিংস খেলে বিদায় নেন চেজ। তবে টলেনি শাই হোপের ব্যাট। রভমন পাওয়েলের সাথে ১৩ বলে ১৮ রানের জুটিতে চার বলে হোপ আদায় করেন নয় রান, পাওয়েল নয় বলে করেন নয় রান।

শাই হোপ এদিন তার সতীর্থদের স্রোতের বিপরীতে যে সাঁতার কেটেছেন- সে প্রমাণ স্পষ্ট করতে নিশ্চয়ই আর কোন উদাহরণ প্রয়োজন নেই। তার ৪৬ বলে ৭৫ রানের ইনিংসটির কল্যাণে শেষ অবধি ১৬৬ রানের সংগ্রহ তুলতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। নবাগত ইতালির সামনে লজ্জার এক ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল দুই বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। সেই ধাক্কা সামলে নিয়েছে হোপের ব্যাট।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link