চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপটা অভিষেকের জন্য কাটছে এক দু:স্বপ্নের মতো। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোল্ডেন ডাক দিয়ে টুর্নামেন্ট শুরু, এরপর পাকস্থলীর সংক্রমণের কারণে দিল্লীর হাসপাতালে চিকিৎসাধীন থাকা -সব মিলিয়ে সময়টা বড্ড বৈরী।নামিবিয়ার বিপক্ষে ম্যাচ মিস করার পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান কিংবা নেদারল্যান্ডসের সাথেও ভাগ্যের চাকা ঘোরেনি, মাঠ ছাড়তে হয়েছে সেই শূন্য রানেই।
এই হতাশাজনক পারফরম্যান্সেসে পরেও অতীতের অর্জিত রেটিং পয়েন্টের সুবাদে এখনো বিশ্বসেরা টি-টোয়েন্টি ব্যাটারের মুকুটটি তার মাথাতেই শোভা পাচ্ছে। আইসিসি কর্তৃক প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিংয়ে ৮৯১ পয়েন্ট নিয়ে সবার উপরের নামটি অভিষেকেরই।
অভিষেক যখন ফর্মের সাথে লড়াই করছেন, তখন অন্য প্রান্তে রানের মশাল জ্বালিয়েছেন ঈশান কিষাণ। টুর্নামেন্টে টানা দুই ম্যাচে বিধ্বংসী হাফ সেঞ্চুরি করে র্যাংকিংয়ের সিঁড়িতে এক লাফে ১৭ ধাপ উপরে উঠে এসেছেন তিনি। ৭৩২ পয়েন্ট নিয়ে তার অবস্থান এখন আট নম্বরে।

র্যাঙ্কিংয়ের এই ওলটপালটে ভাগ বসিয়েছেন লঙ্কান ব্যাটার পাথুম নিসাঙ্কাও। ক্যান্ডিতে অজিদের বিপক্ষে দুর্দান্ত এক শতক হাঁকিয়ে তিনি এখন বিশ্বের তিন নম্বর টি-টোয়েন্টি ব্যাটার। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন (১১তম) এবং অধিনায়ক এইডেন মার্করামও (১৫ তম) নিজেদের অবস্থান সুসংহত করেছেন।
অলরাউন্ডার র্যাংকিংয়ে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজাকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছেন পাকিস্তানের সায়িম আইয়ুব।কলম্বোর মাঠে ভারতের বিপক্ষে বল হাতে তার তিন উইকেটের ঘূর্ণি তাকে এই শ্রেষ্ঠত্ব এনে দিয়েছে। নেপালের দীপেন্দ্র সিং আইরি এবং আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাইও রয়েছেন সেরা পাঁচের দৌড়ে।
বোলিংয়ের দুনিয়ায় এখন রাজত্ব করছেন ভারতের বরুণ চক্রবর্তী। তবে তার সিংহাসনে ভাগ বসাতে ব্যবধান কমিয়ে আনছেন আফগান লেগ স্পিনার রশিদ খান, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তার নাম।

পেসারদের মধ্যে জিম্বাবুয়ের ব্র্যাড ইভান্স দশ ধাপ এগিয়ে বর্তমানে পাঁচ নম্বরে অবস্থান করছেন। জাসপ্রিত বুমরাহ এবং অক্ষর প্যাটেলও উঠে এসেছেন সেরা পনেরোতে।










