আইপিএলের টিকিট কেটে ফেললেন ব্রায়ান বেনেট!

৯৭ রানের আরও এক হার না মানা ইনিংস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) খেলার টিকিটটা কি কেটে ফেললেন ব্রায়ান বেনেট? ছোট দলের তারকারা ভারতের বিপক্ষে ভালো করলেই যে মিলে যায় আইপিএল খেলার পুরস্কার। বেনেট সেটাই করলেন, ভারতের বিপক্ষে সমানে চোখে চোখ রেখে লড়ে গেলেন।

৯৭ রানের আরও এক হার না মানা ইনিংস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) খেলার টিকিটটা কি কেটে ফেললেন ব্রায়ান বেনেট? ছোট দলের তারকারা ভারতের বিপক্ষে ভালো করলেই যে মিলে যায় আইপিএল খেলার পুরস্কার। বেনেট সেটাই করলেন, ভারতের বিপক্ষে সমানে চোখে চোখ রেখে লড়ে গেলেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৪ রানের ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে তবেই ছেড়েছিলেন মাঠ। ভারতের বিপক্ষে সেই অসাধ্য সাধনের সম্ভবপর হয়নি। কিন্তু যা করে গেলেন তাতেই আইপিএলে কোন দলের রিপ্লেসমেন্ট দরকার হলে তাঁর নামটা ভাবনার তালিকায় সবার আগেই থাকবে হয়তো।

এবারের বিশ্বকাপের মঞ্চে যেন ব্যাট হাতে রূপকথার গল্প লিখতে বসেছেন বেনেট। জিম্বাবুয়ের স্বপ্নসারথী হয়েই যেন আবির্ভুত হয়েছেন তিনি। বড় দল পেলেই যেন জ্বলে ওঠে বেনেটের অপ্রতিরোধ্য ব্যাট। অস্ট্রেলিয়া বধের নায়ক, শ্রীলঙ্কার বুক কাঁপিয়ে দেওয়া ৬৩ রানের হার না মানা ইনিংস আর এবার ভারতের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যাওয়া। সবই যে একটাই বার্তা দেয়, বেনেট নামের এক বড় তারকা পেয়েছে ক্রিকেট বিশ্ব।

২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একটু ঘাবড়াতে দেখা যায়নি বেনেটকে। ভালো করেই জানেন এটা এক অসম্ভবকে ছুঁয়ে দেখার চেষ্টা। তবে সেটা করতে গিয়ে নিজের ব্যাসিক থেকে সরে যাননি একচুলও। সময়ের সেরা বোলার জসপ্রিত বুমরাহকে সামলেছেন চোখে চোখ রেখে, আগ্রাসন ঠিকরে বেরিয়েছে তাঁর ব্যাট থেকে। নিরুপায় সুরিয়াকুমার যখন স্পিন আক্রমণ এনেছেন তখনও কাবু করা যায়নি বেনেটকে।

শুধু ব্যাট হাতে না, পায়ের কাজটাও ভালোই জানা আছে বেনেটের। ফুটওয়ার্ক যতটা ভালো, ফুটবলটাও যেন ততটাই দখলে রেখেছেন। বুমরাহর ভয়ঙ্কর ইয়োর্কার দক্ষতার সাথে ঠেকিয়েছেন, এরপর সেটাই যখন স্টাম্পে আছড়ে পড়তে চেয়েছে চটজলদি পা দিয়ে সরিয়ে দিয়েছেন স্টাম লাইন থেকে। যেন মাথাটা এক শান্ত শীতল নদী।

শেষমেষ তাঁর ব্যাট থেকে এসেছে ৯৭ রানের হার না মানা ইনিংস। খেলেছেন ৫৯ বল, দাঁড়িয়ে থেকেছেন পুরোটা সময়। যেন অপরাজিত থাকতে ভালোবাসেন তিনি। আসরে খেলা পাঁচ ম্যাচেই যে থেকেছেন অপরাজিত।

আসরে জুড়ে জিম্বাবুয়ের প্রাপ্তি অনেককিছুই। অস্ট্রেলিয়ার মতো দলকে বিদায় করে সুপার এইটে পা রেখেছে। তবে এর মাঝে বেনেটের প্রাপ্তিও যে কম না। ফর্মের তুঙ্গে রয়েছেন, ব্যাট হাতে ধারাবাহিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। বল হাতে অফস্পিনটাও মাঝে মাঝে দারুণ কার্যকর। এক কথায় পরিপূর্ণ এক প্যাকেজ। মাস খানেক পর শুরু হতে যাওয়া আইপিএলে কোন দলের ডাগআউটে এমন একজনকে দেখা গেলে অবাক হওয়ার তাই কিছুই থাকবে না।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link