উসমান তারিকের অ্যাকশন নিয়ে আবারও তোলপাড়

ক্রিকেট মাঠে বোলারের কাজ ডেলিভারিতে ব্যাটারকে বিভ্রান্ত করা, কিন্তু বোলিং অ্যাকশনই যদি বিভ্রান্তির জন্ম দেয়? শুরু থেকেই বিশ্বজুড়ে এমনটা ঘটছে পাকিস্তানের স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে।

ক্রিকেট মাঠে বোলারের কাজ ডেলিভারিতে ব্যাটারকে বিভ্রান্ত করা, কিন্তু বোলিং অ্যাকশনই যদি বিভ্রান্তির জন্ম দেয়? শুরু থেকেই বিশ্বজুড়ে এমনটা ঘটছে পাকিস্তানের স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে। কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম রাওয়ালপিন্ডি পিন্ডিজের মধ্যকার লড়াইয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে তারিকের প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন এবং কিউই ব্যাটার ড্যারিল মিশেলের অভিনব প্রতিবাদ।

ঘটনাটি ম্যাচের নবম ওভারের। কোয়েটার স্পিনার উসমান তারিক যখন বল করতে আসছিলেন, তার অদ্ভূত ‘স্টপ-স্টার্ট’ বা মাঝপথে থেমে যাওয়ার ভঙ্গি ড্যারিল মিশেলকে চরম অস্বস্তিতে ফেলে দেয়। বল ছাড়ার ঠিক আগমুহূর্তে তারিকের এই দীর্ঘ বিরতিকে স্বাভাবিকভাবে নিতে পারেননি মিশেল।

প্রথম বলে প্যাডেল সুইপ খেললেও পরের ডেলিভারিগুলোতে তিনি নিজেকে সামলাতে পারেননি। দুইবার বোলিং শুরুর পর মাঝপথে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান এই নিউজিল্যান্ড তারকা।

তারিকের বোলিং স্টাইলটি বেশ বিচিত্র। প্রথমে রান-আপ নিয়ে এসে হঠাৎ থমকে যান, এরপর অনেকটা হাঁটু গেড়ে বসে বল ডেলিভারি করেন। মিশেল বারবার আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করে বোঝাতে চেয়েছেন যে, এই দীর্ঘ বিরতি ব্যাটারের টাইমিং নষ্ট করছে। উত্তপ্ত পরিস্থিতিতে আম্পায়াররা হস্তক্ষেপ করেন এবং মিশেলের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

মিশেলের এই আচরণের পেছনে ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের একটি পরোক্ষ ভূমিকা দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা। চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় উসমান তারিকের এই অদ্ভুত অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন অশ্বিন।

তিনি পরামর্শ দিয়েছিলেন, বোলার যদি ইচ্ছাকৃতভাবে বোলিংয়ের মাঝপথে থেমে গিয়ে ব্যাটারের মনোযোগ নষ্ট করতে চায়, তবে ব্যাটারের উচিত ক্রিজ থেকে সরে দাঁড়ানো। এতে আম্পায়ার ‘ডেড বল’ ডাকতে বাধ্য হবেন এবং বোলারের ওপর মানসিক চাপ তৈরি হবে। করাচির মাঠে মিশেল যেন অশ্বিনের সেই ফর্মুলাই প্রয়োগ করলেন।

যদিও এই মনস্তাত্ত্বিক লড়াইয়ে শেষ পর্যন্ত মিশেল সফল হতে পারেননি। ব্যক্তিগতভাবে ধুঁকতে থাকা মিশেল পরে সাউদ শাকিলের হাতে রিটার্ন ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। দিনশেষে তার দল পিন্ডিজও কোয়েটার কাছে ৬১ রানের বড় ব্যবধানে হার মানে।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link